বরক তরঙ্গ, ২০ অক্টোবর : ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টার অভিযোগে অসমের দক্ষিণ শালমারা-মানকাচর জেলার কুচনিমারা এলাকায় ১৩ জন বাংলাদেশের নাগরিক-সহ মোট ১৪ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা প্রাথমিক তথ্য অনুযায়ী, আটক ১৩ জন বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জন পুরুষ, পাঁচজন মহিলা এবং দু’জন নাবালক রয়েছে। আন্তর্জাতিক সীমান্তের কুচনিমারা অংশ দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করার সময় মানকাচর পুলিশ তাঁদের আটক করে বলে জানা গিয়েছে।
আটক ভারতীয় নাগরিকের নাম মকসেদুর রহমান। বাংলাদেশি নাগরিকদের সঙ্গে তিনি কী কারণে ছিলেন এবং সীমান্ত পেরিয়ে যাওয়ার চেষ্টায় তাঁর কোনও ভূমিকা ছিল কি না, তা এখনও স্পষ্ট নয়।
বর্তমানে ১৪ জনই মানকাচর পুলিশের হেফাজতে রয়েছেন। তবে এই ঘটনা সম্পর্কে এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
আটকদের জিজ্ঞাসাবাদের পর তাঁদের সীমান্তের দিকে যাওয়ার প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য বিষয় সম্পর্কে আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, আটক বাংলাদেশি নাগরিকেরা দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন এলাকায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। কাজের সূত্রে দেশের বিভিন্ন প্রান্তে বসবাস করার পর তাঁরা নিজেদের দেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বলে অনুমান করা হচ্ছে। সেই সময়ই সীমান্তবর্তী এলাকায় তাঁদের আটক করা হয়।




