১৯ অক্টোবর : এশিয়ান গেমসে পদক সংখ্যা আগেরবারের তুলনায় কমেছিল। প্যারা এশিয়াডে কিন্তু প্রথমদিনেই দারুণ সাফল্য পেলেন অ্যাথলিটরা। ১১টি পদক একদিনে জিতলেন ভারতীয়রা। তারমধ্যে চারটি সোনা। পদক ছাড়াও এদিন ভারতীয় অ্যাথলিটদের হাতে লেখা হল বিশ্বরেকর্ড। এশীয় মঞ্চে ভারতীয় প্যারা অ্যাথলিটদের জয়জয়কারে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
সোমবার ভারতের সোনালি যাত্রাটা শুরু হয়েছিল মোনা আগরওয়ালের হাত ধরে। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল এসএইচ ১ বিভাগে আগাগোড়া তিনি পিছিয়ে ছিলেন আরেক ভারতীয় প্যারা শুটার অবনী লেখারার থেকে। একেবারে শেষ সিরিজে গিয়ে অলিম্পিক সোনাজয়ীকে পিছনে ফেলে দেন। সোনা জিতে নেন মোনা। অবনীকে থামতে হয় রুপো নিয়েই। এশিয়াডে সোনালি সফরের সূচনা সেখান থেকেই। এদিনের দ্বিতীয় সোনাটি আসে লং জাম্পে নিষাদ কুমারের হাত ধরে। ৭.১১ মিটার লাফ দেন তিনি।

ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকেই ভারতের ঘরে আসে আরও দুটি সোনা। মহিলাদের ১৫০০ মিটার দৌড়ের টি১২/১৩ বিভাগে সোনা জেতেন সৌম্যা। এই ইভেন্টে রুপোও এসেছে ভারতের ঘরেই, ভেঙ্কটেশ রাধার হাত ধরে। জ্যাভলিন থ্রোয়েও একই রকম ফলাফল। এফ ৪৬ বিভাগে ৬৫.১১ মিটার ছুড়ে সোনা জেতেন রিঙ্কু। .৯ মিটারের ব্যবধানে রুপো পেয়েছেন আরেক ভারতীয় প্যারা অ্যাথলিট অজিত সিং। চারটি সোনার পাশাপাশি এদিন ৫টি রুপো এবং ২টি ব্রোঞ্জ এসেছে ভারতের ঘরে। বেশ কয়েকটি ইভেন্টে নিশ্চিত হয়েছে ভারতের পদক।
অন্যদিকে, তিরন্দাজির যোগ্যতা অর্জন পর্বে বিশ্বরেকর্ড ছুঁয়েছেন ভারতের শীতল দেবী। ৭২০র মধ্যে ৭০৪ পয়েন্ট পেয়েছেন ১৯ বছর বয়সি এই তিরন্দাজ। ছুঁয়ে ফেলেছেন বিশ্বরেকর্ড। এই পারফরম্যান্সের কিছুক্ষণ পরেই মিক্সড টিম ইভেন্টে নতুন বিশ্বরেকর্ড গড়েন শীতল এবং তাঁর সঙ্গী তোমান কুমার। মিক্সড টিমে এতদিন রেকর্ড ছিল ১৪০০ পয়েন্ট। সেই রেকর্ড ভেঙে ভারতীয় জুটি স্কোর করেছে ১৪০২ পয়েন্ট ফাইনালে এই তিরন্দাজদের হাত ধরে সোনা আসতে পারে। এদিন মোনা-অবনীর পদক জয়ের পরেই এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। তাঁদের সাফল্যে এশিয়াডের শুভ সূচনা হল, বলছেন মোদি।



