বরাক তরঙ্গ, ১৯ অক্টোবর : দরঙের মাঝের সরকার চৌমাথায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে গেছে। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিন যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া অপর দুজন ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন।
জানা গেছে, মঙ্গলদৈ থেকে তেজপুর অভিমুখে যাওয়া একটি মালবাহী ট্রাক (MK 46 AF 7002) এবং AS 01 DM 7873 নম্বরের একটি হুন্ডাই ভার্না গাড়ির মধ্যে সংঘর্ষের ফলেই এই দুর্ঘটনা ঘটে। ট্রাকটির পেছনে যাওয়া ভার্না গাড়িটি ট্রাকটির নিচে ঢুকে পড়ায় গাড়িতে থাকা তিন যুবকের করুণ মৃত্যু হয়। দুর্ঘটনাটিতে অন্য দুজন ব্যক্তি গুরুতর আহত হন। আহত দুজনেই অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।

নিহতরা হলেন অঙ্কুজ দাস, প্রীতম দাস এবং সোণাই সরকার। তাঁদের বাড়ি খারুপেটিয়ার ৭ নম্বর ওয়ার্ডে। অন্যদিকে, আহত সাগর সাহা এবং মিঠুন সাহাকে উন্নত চিকিৎসার জন্য গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, পূজা দেখে খারুপেটিয়ায় ফিরে আসছিল ভার্না গাড়িটি। সেই সময়ই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ধুলা ও খারুপেটিয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি আহত দু’জনকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।



