নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১৮ অক্টোবর : দুর্গাপুজোর সপ্তমীতে দর্শনার্থীদের ভিড়ে জমজমাট হয়ে উঠল সোনাই শহরের উত্তর মোহনপুরের ৭ নম্বর ওয়ার্ডের গ্রিন পার্ক। অমৃত প্রকল্প ২.০-এর অধীনে প্রায় ৮০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত জলাধারের চারপাশে বর্ণময় আলোকসজ্জায় সেজে উঠেছে পার্ক চত্বর। রবিবার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলমের উদ্যোগে গড়ে ওঠা এই পার্কটি উদ্বোধনের পর থেকেই স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার মানুষের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। দুর্গাপুজোর আনন্দঘন পরিবেশে পার্কের সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমাচ্ছেন বহু দর্শনার্থী। বিশেষ করে রঙিন আলোকসজ্জায় সজ্জিত জলাধার সংলগ্ন এলাকাটি মানুষের নজর কাড়ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাই পুরসভার চেয়ারপারসন শিলুরানী দাস, বিজেপির মণ্ডল সভাপতি অশোক কুমার গোয়ালা, দলের প্রাক্তন মণ্ডল সভাপতি রামেশ্বর শর্মা এবং জেলা পরিষদের সদস্য সুফিয়ান লস্কর ও সাহিন লস্কর-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
পার্কটি নির্মাণের ফলে সোনাই শহরের বাসিন্দাদের বিনোদনের জন্য একটি নতুন আকর্ষণীয় স্থান গড়ে উঠেছে বলে মনে করছেন স্থানীয়রা। পাশাপাশি শহরের সৌন্দর্যায়নেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, গ্রিন পার্কের পাশেই একটি শিশু উদ্যান নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে শিশুদের খেলাধুলা ও বিনোদনের জন্য আরও একটি উপযুক্ত স্থান তৈরি হবে। এর ফলে সোনাই শহরের বাসিন্দাদের অবসরযাপনের সুযোগ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।



