গোয়ালিয়রে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু ১২ পুণ্যার্থীর , আহত ২৭

Spread the news

১৮ অক্টোবর : মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে ভয়াবহ পথদুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে পুণ্যার্থীদের পিষে দিল একটি ধানবোঝাই ট্রাক। এই ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২৭ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
শনিবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। সেই সময় বহু পুণ্যার্থী শীতলা মাতা মন্দিরের উদ্দেশে যাচ্ছিলেন। অভিযোগ, পুলিশের ব্যারিকেড ভেঙে নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি পুণ্যার্থীদের ধাক্কা মারে। এরপর ট্রাকটি মন্দিরের প্রবেশদ্বার ও বাইরের দেওয়ালে গিয়ে ধাক্কা দেয়।

গোয়ালিয়রের জ্যেষ্ঠ পুলিশ সুপার ধর্মবীর সিং জানান, রাত দেড়টা নাগাদ চিননোরের দিক থেকে ধানবোঝাই ট্রাকটি আসছিল। সংশ্লিষ্ট রাস্তায় খাড়া ঢাল থাকায় ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। তা সত্ত্বেও ট্রাকটি পুলিশের ব্যারিকেড ভেঙে ঢাল বেয়ে নেমে আসে এবং চালক নিয়ন্ত্রণ হারান। সেই সময় রাস্তায় থাকা পুণ্যার্থীরা ট্রাকের চাকায় পিষ্ট হন।

দুর্ঘটনার পর মোট ৩৯ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের শরীরের বিভিন্ন অংশে হাড় ভেঙেছে। বাকি আহতদের অবস্থা তুলনামূলক স্থিতিশীল এবং তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *