অসম সাহিত্য সভার ‘বরাকরত্ন’ উপাধি পাচ্ছেন অমলেন্দু

Spread the news

বরাক তরঙ্গ, ১৭ অক্টোবর : কাছাড় জেলার শিলচরের জিসি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক, বিশিষ্ট লেখক, গবেষক ও নাগরিক ড. অমলেন্দু ভট্টাচার্যকে এ বছর ‘বরাকরত্ন’ উপাধিতে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে অসম সাহিত্য সভা। এক প্রেস বিজ্ঞপ্তিতে অসম সাহিত্য সভার প্রধান সম্পাদক দেবজিৎ বরা আজ এ কথা জানিয়েছেন। তিনি জানান, বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে সমন্বয়ের সেতুবন্ধন গড়ে তোলা এবং গবেষণালব্ধ প্রবন্ধের মাধ্যমে অসমের জনজীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ড. অমলেন্দু ভট্টাচার্যকে এই সম্মান প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অসম সাহিত্য সভার একটি উচ্চপর্যায়ের কমিটি তাঁকে এই উপাধির জন্য নির্বাচিত করে। গত ১৩ অক্টোবর গুয়াহাটির ভগবতীপ্রসাদ বরুয়া ভবনে সভার সভাপতি ড. বসন্তকুমার গোস্বামীর পৌরোহিত্যে অনুষ্ঠিত কার্যনির্বাহী সমিতির বৈঠকে এই প্রস্তাব অনুমোদিত হয়। আগামী অক্টোবর-নভেম্বর মাসের মধ্যে শিলচরে আয়োজিত এক গম্ভীর ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে ড. ভট্টাচার্যকে এই উপাধি প্রদান করা হবে।

উল্লেখ্য, ১৯৫৪ সালের ২২ সেপ্টেম্বর বর্তমান শ্রীভূমি জেলার বৈঠাখাল চা-বাগানে জন্মগ্রহণ করেন ড. অমলেন্দু ভট্টাচার্য। গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে কাছাড়ের লোকসাহিত্য বিষয়ে গবেষণা করে তিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। বহু মূল্যবান গ্রন্থ রচনা ও সম্পাদনার মাধ্যমে তিনি সাহিত্যভাণ্ডারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। পাশাপাশি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক আলোচনা চক্রে অংশগ্রহণ করে খ্যাতি অর্জন করেছেন।

১৯৭৮ থেকে ১৯৮২ সাল পর্যন্ত নগাঁওয়ের আনন্দরাম ঢেকিয়াল ফুকন কলেজে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। এরপর ১৯৮২ থেকে ২০১৪ সাল পর্যন্ত শিলচরের জিসি কলেজে অধ্যাপনা করে অবসর গ্রহণ করেন।

অসমিয়া, বাংলা ও ইংরেজি—এই তিন ভাষায় নিয়মিত লেখালেখি করে আসছেন ড. ভট্টাচার্য। গবেষণা, সাহিত্যচর্চা এবং অসমের সমাজজীবনে তাঁর মূল্যবান অবদানের স্বীকৃতিস্বরূপ অসম সাহিত্য সভার এই সম্মান প্রদান নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *