১৭ অক্টোবর : দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত আট জন। আরও বাড়তে পারে মৃতের সংখ্যা। দুর্ঘটনায় গুরুতর জখম বেশ কয়েকজন। শনিবার সকালে রাজস্থানের কোটা জেলার সিমলিয়া থানা এলাকার কাড়াডিয়ার কাছে দুর্ঘটনা ঘটে। দিল্লি থেকে মুম্বইগামী যাত্রিবোঝাই মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের নয়ানজুলিতে পড়ে উল্টে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শনিবার ভোর ৬টা নাগাদ দুর্ঘটনা ঘটে। বাসে ২৫ জনেরও বেশি যাত্রী ছিলেন। কাড়াডিয়ার এলাকার কাছে পৌঁছতেই আচমকা বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। বাস প্রায় ১৫ ফুট নীচু জল ও কাদায় ভরা নালার মধ্যে গিয়ে আছড়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আট জনের।
দুর্ঘটনার বিকট শব্দে ছুটে যান স্থানীয়রা। তাঁরাই খবর দেন পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধারকাজ শুরু করে পুলিশ এবং উদ্ধারকারী দল। আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। আপাতত সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। তবে নয়ানজুলিতে জল এবং অতিরিক্ত কাদা থাকার কারণে উদ্ধারকাজে বেশ বেগ পেতে হয় উদ্ধারকারী দলকে। পরবর্তীতে ক্রেন এনে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে নয়ানজুলি থেকে টেনে তোলা হয়। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়, পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।




