পিএম শ্রী বিন্নাকান্দি উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা সচেতনতা কর্মসূচি গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের

Spread the news

বরাক তরঙ্গ, ১৬ অক্টোবর : তরুণ প্রজন্মের মধ্যে উদ্ভাবনী চিন্তাভাবনা, সমস্যা সমাধানের দক্ষতা এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে কাছাড় জেলার লক্ষীপুরের পিএম শ্রী বিন্নাকান্দি উচ্চ বিদ্যালয়ে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করল শিলচরের গুরুচরণ বিশ্ববিদ্যালয়। গত ১৫ অক্টোবর ‘উদ্যোক্তা দক্ষতার বিকাশ’ শীর্ষক এই কর্মসূচির আয়োজন করা হয়। ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের অধীন স্টুডেন্ট ইনোভেশন কাউন্সিলের মেন্টরিং উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচিতে মেন্টরিং প্রতিষ্ঠান হিসেবে সহযোগিতা করে গুরুচরণ বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের মধ্যে নতুন ধারণা ও সৃজনশীল চিন্তাভাবনার বিকাশ ঘটানোর পাশাপাশি ভবিষ্যতে স্বনির্ভর হওয়ার বিষয়ে তাঁদের উৎসাহিত করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষজ্ঞ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের দক্ষতা বিকাশ কেন্দ্রের অধিকর্তা, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক এবং ইন্টার্নশিপ ও ইনস্টিটিউশনস ইনোভেশন কাউন্সিলের নোডাল আধিকারিক ড. সুভাষ দেবনাথ। তিনি শিক্ষার্থীদের সামনে উদ্ভাবনী ধারণা বিকাশ, বাস্তব সমস্যার সমাধান এবং উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার বিভিন্ন দিক তুলে ধরেন। স্থানীয় সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে কীভাবে বাস্তবসম্মত ব্যবসায়িক উদ্যোগ গড়ে তোলা যায়, সে বিষয়েও তিনি বিস্তারিত আলোচনা করেন। বর্তমান সময়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে উদ্যোগপতিদের ভূমিকা এবং আত্মনির্ভর হওয়ার গুরুত্বের ওপরও তিনি আলোকপাত করেন। এই কর্মসূচিতে বিদ্যালয়ের প্রায় ৮০ জন শিক্ষার্থী এবং ২৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, নতুন কিছু করার আগ্রহ এবং উদ্যোক্তা মনোভাব গড়ে তুলতে কর্মসূচিটি সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়। শিক্ষার পাশাপাশি ব্যবহারিক দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাভাবনার বিকাশের মাধ্যমে আগামী দিনের তরুণ প্রজন্মকে স্বনির্ভর করে তোলার ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *