মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা

Spread the news

১৬ অক্টোবর : জরুরি পরিষেবা দমকল। মানুষের চূড়ান্ত বিপদে ত্রাতা দমকলকর্মীরা। অথচ সেই পরিষেবাকে নিজের বাড়ি ধোয়ার কাজে ব্যবহার করলেন বিধায়কের ছেলে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল এক বিজেপি বিধায়কের পরিবারের বিরুদ্ধে। দমকলের গাড়ি দিয়েই বাড়ির বাইরের দেওয়াল ধোওয়ানোর অভিযোগ উঠেছে গুজরাতের এক বিজেপি বিধায়কের পরিবারের বিরুদ্ধে।

এই ঘটনায় বিধায়কের ছেলে বলবন্তভাই বাচুভাই খাবাদকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে দেবগড় বারিয়া পুরসভা। তিন দিনের মধ্যে জরিমানার টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না দিলে আইনি পদক্ষেপ করা হতে পারে বলেও সতর্ক করেছে পুরসভা।

অভিযোগ, গত ৪ অক্টোবর, গুজরাতের দাহোদ জেলার পিপেরো গ্রামে স্থানীয় বিধায়ক বাচুভাই এম খাবাদের বাড়িতে দমকলের একটি গাড়ি পাঠানো হয়। অভিযোগ, বাড়িতে আগুন লেগেছে বলে মিথ্যে কথা বলে দমকলে খবর দেন ওই ব্যক্তি। তড়িঘড়ি দমকল পৌঁছয়। অভিযোগ, ঘটনাস্থলে পৌঁছে দমকলকর্মীরা দেখেন, সেখানে আগুনই লাগেনি। বরং বাড়ির বাইরের অংশ ধোওয়ার জন্য তাঁদের ডাকা হয়েছে।

এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুসারে , দেবগড় বারিয়া পুরসভার চেয়ারপার্সন ধর্মেশ কালাল দমকল অফিসে ফোন করে বিধায়কের বাড়িতে আগুন লাগার খবর দেন। সেই খবর পেয়ে তড়িঘড়ি ছোটে দমকলের ইঞ্জিন। কিন্তু ঘটনাস্থলে পৌঁছনোর পর দমকলকর্মীরা হতবাক ! আগুন কোথায় ? তখন তাঁদের বলা হয়, আগুন লাগেনি। বাড়ির দেওয়ালটা ধুয়ে দিন। সঙ্গে সঙ্গে দমকলকর্মীরা ঊর্ধ্বতন আধিকারিকদের বিষয়টি জানান। এরপরই কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। দমকলের গাড়িটি সেখান থেকে ফিরিয়ে আনা হয়।

এই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে আসে। তাতে দমকলের কর্মীদের গাড়ি থেকে জল ছিটিয়ে বাড়ির ধুতেও দেখা যায়। ভিডিও ছড়িয়ে পড়তেই সরকারি পরিষেবার অপব্যবহার নিয়ে প্রশ্ন ওঠে। তারপরই কড়া ব্যবস্থা নেয় প্রশাসন। বলবন্তভাই খাবাদকে ২৫ হাজার টাকা জরিমানা দেওয়ার নোটিস পাঠায় পুরসভা।

এই ঘটনা নিয়ে শাসকদল বিজেপিকে নিশানা করেছে কংগ্রেস। কীভাবে জরুরি পরিষেবা ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করা হল, প্রশ্ন তুলেছেন বিরোধীরা। অনেকে আবার বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ করার কথাও ভাবছেন। এখন দেখার ওই বিধায়কের ছেলে প্রকাশ্যে ক্ষমা চান কি না।
খবর : ABP আনন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *