মেঘালয়ে চলন্ত অ্যাম্বুল্যান্সে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : মেঘালয়ের সিগুনবাড়িতে বুধবার দুপুরে আগুন লেগে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আরাডোঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের (পিএইচসি) একটি অ্যাম্বুল্যান্স। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রাপ্ত খবর অনুযায়ী, বুধবার দুপুর প্রায় ৩টা ১৫ মিনিট নাগাদ NL-07T-1019 নম্বরের অ্যাম্বুল্যান্সটি একটি মেডিক্যাল ক্যাম্পে যোগ দিতে রিয়াংডোর উদ্দেশে যাচ্ছিল। গাড়িটি চালাচ্ছিলেন সংশ্লিষ্ট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চালক। আথিয়াবাড়ি পুলিশ ফাঁড়িতে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, সিগুনবাড়িতে পৌঁছনোর পর আচমকাই অ্যাম্বুল্যান্সটিতে আগুন ধরে যায়। তবে চালক সময়মতো গাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় তিনি অক্ষত অবস্থায় রক্ষা পান।

ঘটনার খবর পেয়ে রিয়াংডো ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। তাঁরা পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।

চালকের প্রাথমিক অনুমান, গাড়ির বৈদ্যুতিক তারে শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *