মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : দুর্গাপুজোর আগে বরাক উপত্যকার বেহাল সড়কগুলির সংস্কারে জোরদার তৎপরতা শুরু করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলি দ্রুত মেরামতির উদ্যোগ নেওয়া হয়েছে। এই কাজের অগ্রগতি খতিয়ে দেখতে সক্রিয় হয়েছেন রাজ্য সরকারের দুই মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও কৌশিক রায়। পুজোর আগে যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক করার সরকারি উদ্যোগে কিছুটা স্বস্তির আশা দেখছেন বরাকবাসী।
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর শ্রীভূমি জেলায় রাস্তা সংস্কারের কাজে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে শ্রীভূমি শহরের বিভিন্ন এলাকায় চলমান মেরামতির কাজ সরেজমিনে পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। রাতের অন্ধকারেও কাজের অগ্রগতি খতিয়ে দেখে তিনি সংশ্লিষ্ট বিভাগ ও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নির্ধারিত সময়ের মধ্যে সংস্কারের কাজ শেষ করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি রাস্তা মেরামতির গুণগত মান বজায় রাখার বিষয়েও জোর দেওয়া হয়।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বরাক উপত্যকার বিভিন্ন এলাকার বেহাল সড়ক নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। খানাখন্দে ভরা রাস্তায় প্রতিদিন যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়ছেন স্কুল-কলেজের পড়ুয়া, চাকরিজীবী, ব্যবসায়ী থেকে শুরু করে রোগী বহনকারী অ্যাম্বুল্যান্সের চালক ও সাধারণ পথচারীরা। বর্ষার মরশুমে পরিস্থিতি আরও খারাপ হওয়ায় যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে।
দুর্গাপুজোর সময় দর্শনার্থী ও সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে দ্রুত রাস্তা মেরামতির দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। সেই পরিস্থিতিতে সরকারের এই উদ্যোগ নতুন করে প্রত্যাশা তৈরি করেছে।

তবে সাময়িক মেরামতির পাশাপাশি সড়কগুলির স্থায়ী ও টেকসই সংস্কারের দিকেও নজর দেওয়া জরুরি বলে মনে করছেন সচেতন মহল। নির্ধারিত সময়ে কাজ শেষ হলে পুজোর মরশুমে যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই স্বস্তি মিলবে বলে আশা করা হচ্ছে। এখন সরকারি উদ্যোগ বাস্তবে কতটা কার্যকর হয়, সেদিকেই তাকিয়ে বরাক উপত্যকার মানুষ।



