বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : শিলচরের শালচাপড়া রেল ইয়ার্ড সংলগ্ন বর্ণি রোড থেকে চুরি হয়ে যাওয়া সরকারি চালভর্তি ট্রাক মাত্র ২৪ ঘণ্টার মধ্যে হাইলাকান্দি থেকে উদ্ধার করল পুলিশ। উদ্ধার করা হয়েছে ১৮৮ বস্তা সরকারি চাল। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর রাতে ৩৪০টিরও বেশি বস্তা চাল নিয়ে রামনগর এফসিআই গোডাউনের উদ্দেশ্যে যাওয়ার জন্য AS 11 DC 5168 নম্বরের ট্রাকটি শালচাপড়ায় পার্কিং করে রাখা হয়েছিল। পরদিন সকালে চালক ও ট্রাকের মালিক এসে দেখতে পান, নির্দিষ্ট স্থান থেকে ট্রাকটি উধাও হয়ে গেছে। এরপরই শালচাপড়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। কাছাড় পুলিশের সহযোগিতায় হাইলাকান্দি সদর পুলিশ প্রথমে সরসপুর এলাকা থেকে চুরি যাওয়া ট্রাকটি উদ্ধার করে। পরে গোপন সূত্রে খবর পেয়ে কাঞ্চনপুর এলাকায় অভিযান চালানো হয়। সেখানে দুই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ১৮৮ বস্তা সরকারি চাল।

এ ঘটনায় কাঞ্চনপুর প্রথম খণ্ডের সাবির আহমদ লস্কর এবং তৃতীয় খণ্ডের সৈদুর রহমান লস্করকে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া চালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লক্ষ টাকা বলে জানা গেছে।



