৩১ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী অভিজিৎ রায়ের ঘরে ঘরে প্রচার

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৭ সেপ্টেম্বর : শিলচর পুর নিগম নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই ৪২টি ওয়ার্ডে জোরদার হচ্ছে নির্বাচনী প্রচার। শাসকদল বিজেপি ও বিরোধী কংগ্রেসের পাশাপাশি নির্দল প্রার্থীরাও নিজেদের প্রচারে সক্রিয় হয়ে উঠেছেন। আগামী ৩ অক্টোবর শিলচর পুর নিগমের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

৩১ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী অভিজিৎ রায় (অপু) নিয়মিতভাবে ওয়ার্ডের বিভিন্ন এলাকা ও বাড়ি বাড়ি ঘুরে বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন। তাঁদের বিভিন্ন সমস্যার কথা শুনে সেগুলি সমাধানের আশ্বাস দিচ্ছেন তিনি। তাঁর প্রচারে বিশেষ গুরুত্ব পাচ্ছে এলাকার নাগরিক পরিষেবা ও দৈনন্দিন সমস্যাগুলি।

ওয়ার্ডবাসীদের অভিযোগ, বর্ষা এলেই বিভিন্ন বাড়ি ও রাস্তায় জল জমে দুর্ভোগ বাড়ে। পর্যাপ্ত নিকাশি ব্যবস্থা না থাকায় প্রতিবছরই সমস্যায় পড়তে হয় বাসিন্দাদের। পাশাপাশি, কয়েকটি এলাকায় পানীয় জলের পাইপলাইন দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে থাকলেও তা মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। এর ফলে অনেক বাসিন্দাকে দূষিত ও আবর্জনাযুক্ত জল ব্যবহার করতে হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

অভিজিৎ রায় জানান, নির্বাচনে জয়ী হলে জলাবদ্ধতা, নিকাশি ব্যবস্থা ও পানীয় জলের সমস্যা সমাধানকে অগ্রাধিকার দেবেন। সাধারণ মানুষের পাশে থেকে সমস্যাগুলির স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করার পাশাপাশি প্রয়োজনে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি। ওয়ার্ডের বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে অতীতেও তিনি প্রতিবাদ ও সরব হয়েছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *