বরাক তরঙ্গ, ২৭ সেপ্টেম্বর : সাধারণত রবিবার ব্যাঙ্কের দরজা বন্ধ থাকে। তবে আজ, ২৭ সেপ্টেম্বর রবিবার, ব্যতিক্রমী চিত্র দেখা গেল জয়কৃষ্ণপুরের ইউকো ব্যাঙ্ক শাখায়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দেশজুড়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলি রবিবারও খোলা রাখা হয়েছে। সেই নির্দেশ অনুযায়ী জয়কৃষ্ণপুরের ইউকো ব্যাঙ্কেও স্বাভাবিকভাবে পরিষেবা চালু রয়েছে। আগামীকাল, সোমবার থেকে বুধবার পর্যন্ত টানা তিন দিনের দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে United Forum of Bank Unions (UFBU)। সাতটি বৃহৎ ব্যাঙ্ক কর্মচারী ও অফিসার সংগঠনের যৌথ মঞ্চের ডাকে এই ধর্মঘট হওয়ায় বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির শাখা পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
ব্যাঙ্ক কর্মীদের সপ্তাহে পাঁচ দিনের কর্মদিবস চালু করা UFBU-র অন্যতম প্রধান দাবি। এর পাশাপাশি পেনশন ব্যবস্থার উন্নতি, পেনশনভোগীদের জন্য অভিন্ন মহার্ঘভাতা (DA) এবং NPS-এর আওতাভুক্ত কর্মীদের পুরনো পেনশন ব্যবস্থায় ফেরার সুযোগ-সহ একাধিক দাবি জানানো হয়েছে।
ধর্মঘটের আগে সাধারণ গ্রাহকদের ব্যাঙ্কিং পরিষেবা যাতে দীর্ঘ সময়ের জন্য ব্যাহত না হয়, সেই লক্ষ্যেই কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের উদ্যোগে রবিবার রাষ্ট্রায়ত্ত ও আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। ফলে আজ রবিবার হলেও জয়কৃষ্ণপুরের ইউকো ব্যাঙ্কে গ্রাহকদের জন্য পরিষেবা চালু ছিল।



