সড়ক সংস্কারে জোর, নির্বাচন কমিশন ইস্যুতেও সরব করিমগঞ্জ কংগ্রেস, ধরনা-মিছিলের ডাক

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৬ সেপ্টেম্বর : শ্রীভূমির বেহাল সড়ক সংস্কার এবং নির্বাচন কমিশন ইস্যুতে সরব হল করিমগঞ্জ জেলা কংগ্রেস। শনিবার জেলা কংগ্রেস কার্যালয় ইন্দিরা ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিধায়ক জাকারিয়া আহমদ তাঁর কেন্দ্রে চলমান ও প্রস্তাবিত বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন। একইসঙ্গে জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ নির্বাচন কমিশনের বিরুদ্ধে দলের ঘোষিত আন্দোলন কর্মসূচির বিস্তারিত জানান।

বিধায়ক বলেন, জনগণের আশীর্বাদে বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকেই উত্তর করিমগঞ্জের বিভিন্ন সমস্যা সমাধানে তিনি সংশ্লিষ্ট দফতর ও সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন। তাঁর দাবি, সমষ্টির উন্নয়নমূলক বিভিন্ন কাজ নিয়ে তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গেও একাধিকবার বৈঠক করেছেন।

সড়ক সংস্কার প্রসঙ্গে বিধায়ক জানান, দুর্গাপূজার আগে উত্তর করিমগঞ্জের গুরুত্বপূর্ণ কয়েকটি রাস্তা সংস্কারের জন্য অনুমোদন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। শহর এলাকার পাশাপাশি গ্রামীণ এলাকার কয়েকটি রাস্তার সংস্কারেরও অনুমোদন মিলেছে বলে দাবি করেন তিনি। শীঘ্রই এসব কাজ শুরু হবে বলেও জানান বিধায়ক।
এওসি পয়েন্ট থেকে সুতারকান্দি পর্যন্ত সড়ক সংস্কারের বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান জাকারিয়া আহমদ পান্না। তাঁর বক্তব্য, পিডব্লিউডি বিভাগের বিভাগীয় ইঞ্জিনিয়ারের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং মৌখিক আশ্বাস মিললেও এখনও লিখিত নির্দেশ আসেনি। রাস্তার দায়িত্ব বণ্টন নিয়েও প্রশ্ন তোলেন বিধায়ক।

তাঁর দাবি, মালুয়া থেকে মোবারকপুর পর্যন্ত রাস্তার কাজ এনএইচআইডিসিএলের অধীনে করা সম্ভব হলেও এওসি পয়েন্ট থেকে সুতারকান্দি পর্যন্ত রাস্তা কেন পিডব্লিউডির হাতে দেওয়া হয়েছে, তা স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আরও স্পষ্টতা প্রয়োজন বলে জানান তিনি। জাকারিয়া আহমদ আরও বলেন, মুখ্যমন্ত্রীর কাছে উন্নয়নমূলক কাজের দাবি জানালে তিনি দ্রুত সাড়া দেন। তবে দিসপুর থেকে সংশ্লিষ্ট দফতরে নির্দেশ পৌঁছাতে অনেক সময় বিলম্ব হয়। ফলে অনুমোদন পাওয়ার পরও বাস্তবে কাজ শুরু হতে সময় লাগে বলে অভিযোগ করেন তিনি।

অন্যদিকে, সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশন ইস্যুতেও সরব হন জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ। তিনি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে কংগ্রেসের প্রশ্ন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা SIR-কে কেন্দ্র করে চলমান রাজনৈতিক বিতর্কের প্রেক্ষিতে আগামী ২৮ সেপ্টেম্বর প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করে জেলা কংগ্রেস। তাপস পুরকায়স্থ জানান, ওইদিন দুপুর ১২টায় ধরনা কর্মসূচি পালনের পর মিছিল করে জেলা কমিশনারের কার্যালয়ে গিয়ে রাষ্ট্রপতির উদ্দেশে স্মারকলিপি প্রদান করা হবে। কর্মসূচিতে সাধারণ মানুষকেও অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে জেলা কংগ্রেসের মিডিয়া বিভাগের চেয়ারম্যান শাহাদত আহমদ চৌধুরী বিধায়ক জাকারিয়া আহমদ পান্নার বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তাঁর দাবি, বেহাল রাস্তাঘাটের বিষয় বিধানসভায় উত্থাপনের পাশাপাশি এনএইচআইডিসিএল, পিডব্লিউডি-সহ সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন বিধায়ক। গ্রামাঞ্চলে বিদ্যুৎ পরিষেবার উন্নয়ন, হাসপাতালগুলির বিভিন্ন সমস্যা সমাধান, অচল জল সরবরাহ প্রকল্প পুনরায় চালু করা এবং নতুন জল প্রকল্প স্থাপনের দাবিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে বলে দাবি করেন শাহাদত আহমদ চৌধুরী।

সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দের পাশাপাশি তন্ময় মজুমদার ও শুভম দাস উপস্থিত ছিলেন। এদিনের সম্মেলনে উত্তর করিমগঞ্জের উন্নয়ন ও নাগরিক পরিষেবার বিভিন্ন দাবি এবং নির্বাচন কমিশনকে ঘিরে দলের রাজনৈতিক অবস্থান—দুই বিষয়েই জেলা কংগ্রেস তাদের বক্তব্য স্পষ্ট করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *