‘বন্দে মাতরম’ সমবেত গানে দেশপ্রেমের আবহে মুখর রামপুর_______
বরাক তরঙ্গ, ২৫ সেপ্টেম্বর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর দেশাত্মবোধক সংগীত ‘বন্দে মাতরম’-এর সমবেত পরিবেশনের মধ্য দিয়ে শুক্রবার বড়খলা বিধানসভা এলাকার রামপুর চা-বাগানের দুর্গামণ্ডপ প্রাঙ্গণে অনুষ্ঠিত হল ‘নমামি ভারতম—বন্দে মাতরম সমবেত গায়ন’ কর্মসূচি। দেশপ্রেম ও জাতীয় ঐক্যের আবহে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। বিদ্যাভারতী অখিল ভারতীয় শিক্ষা সংস্থান, নয়াদিল্লির উদ্যোগে এবং সরস্বতী শিশু নিকেতন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়খলার বিধায়ক কিশোর নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপুর চা-বাগানের ম্যানেজার দীনেশ সিং, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি অপূর্ব কুমার নাথ এবং ডলু উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ পান্ডু নাথ বর্মন।
‘এক সময়, এক লয়, এক স্বর’—এই ভাবনাকে সামনে রেখে আয়োজিত সমবেত গায়নে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সমবেত কণ্ঠে ‘বন্দে মাতরম’ পরিবেশনের সময় পুরো প্রাঙ্গণ দেশাত্মবোধের আবেগে মুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। বক্তারা জাতীয় ঐক্য, ভারতীয় সংস্কৃতির মর্যাদা এবং নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেমের মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় আয়োজকদের উদ্যোগের প্রশংসা করেন অতিথিরা।



