মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৫ সেপ্টেম্বর : শ্রীভূমির মাটি থেকে আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যমের মঞ্চে জায়গা করে নিলেন ডাঃ আরশিয়া আমিন চৌধুরী। তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনার জন্য তাঁকে BBC London Radio-তে সাক্ষাৎকারের আমন্ত্রণ জানানো হয়। দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরীর কন্যা ডাঃ আরশিয়ার এই সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে।
মানসিক স্বাস্থ্য, বিশেষ করে কিশোর-কিশোরী ও তরুণদের উদ্বেগ, মানসিক চাপ এবং বিভিন্ন মনস্তাত্ত্বিক সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন ডাঃ আরশিয়া। লন্ডনে ক্লিনিক্যাল সাইকোলজি ও গবেষণার সঙ্গে যুক্ত এই তরুণ মনোবিজ্ঞানীর কাজ একাডেমিক মহলেও গুরুত্ব পেয়েছে। Goldsmiths, University of London-এর তথ্য অনুযায়ী, তিনি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং তাঁর গবেষণার অন্যতম ক্ষেত্র কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য।
তাঁর গবেষণার মধ্যে কিশোরদের বিষণ্ণতা ও মনস্তাত্ত্বিক থেরাপির ফলাফল নিয়ে কাজ রয়েছে। এছাড়া ২০২৫ সালে নারীদের ওপর coercive control-এর মনস্তাত্ত্বিক অভিজ্ঞতা নিয়েও তাঁর একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।
কন্যার এই আন্তর্জাতিক স্বীকৃতিতে উচ্ছ্বসিত দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। তিনি বলেন, তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয় আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যমে তুলে ধরার সুযোগ পাওয়া তাঁদের পরিবারের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের মুহূর্ত।



