গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা চুক্তি নিরাময়-স্কুল অব যোগ এডুকেশনের

Spread the news

বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর: পড়ুয়া, শিক্ষক-অশিক্ষক কর্মী-সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে যোগ শিক্ষার প্রসার ঘটাতে উদ্যোগী হল শিলচর গুরুচরণ বিশ্ববিদ্যালয়। এই লক্ষ্যে আয়ুষ মন্ত্রকের যোগ বোর্ড স্বীকৃত শিলচরের নিরাময়-স্কুল অব যোগ এডুকেশনের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করল বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন রেজিস্ট্রার ড. বিদ্যুৎ কান্তি পাল। নিরাময়ের পক্ষে স্বাক্ষর করেন সিনিয়র ট্রাস্টি তথা গভর্নিং কাউন্সিলের সদস্য ড. অনুপ কুমার দে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. দিলীপ চন্দ্র নাথ, অ্যাকাডেমিক রেজিস্ট্রার ড. অভিজিৎ নাথ, নিরাময়-স্কুল অব যোগ এডুকেশনের ডিরেক্টর শতাক্ষী ভট্টাচার্য, স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের ডিরেক্টর ড. সুভাষ দেবনাথ এবং নিরাময়ের লিগ্যাসি পার্সন তথা মুখ্য সংযোজক যোগাচার্য রাহুল-সহ বিশিষ্টজনেরা।
অ্যাকাডেমিক রেজিস্ট্রার ড. অভিজিৎ নাথ বলেন, বর্তমানে যোগ শুধু শরীর ও মন সুস্থ রাখার অনুশীলন নয়, এটি জীবিকা ও দক্ষতা বিকাশেরও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। যোগ শিক্ষার মাধ্যমে পেশাগতভাবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ রয়েছে। সেই বিষয়টি গুরুত্ব দিয়েই নিরাময়ের সঙ্গে যৌথভাবে যোগ শিক্ষার প্রচার ও প্রসারে উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনে পড়ুয়া, শিক্ষক-অশিক্ষক কর্মী ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই উদ্যোগের সুফল পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে শতাক্ষী ভট্টাচার্য ও যোগাচার্য রাহুল নিরাময়ের বিভিন্ন কোর্স ও তালিকাভুক্ত কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। ড. সুভাষ দেবনাথ বলেন, যোগ এডুকেশন নিজেই একটি দক্ষতা বিকাশের ক্ষেত্র। পাশাপাশি নিয়মিত যোগচর্চা বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন ও ব্যক্তিত্বের সর্বাঙ্গীণ বিকাশে সহায়ক। চুক্তির ফলে এখন থেকে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা যোগচর্চাকে সঙ্গী করে নিজেদের দক্ষতা ও সামগ্রিক বিকাশের সুযোগ পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *