মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাংবিধানিক দায়িত্ব পালন ও জনসেবার ২৫ বছরের পথচলাকে স্মরণীয় করে তুলতে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’। ১৭ অক্টোবর পর্যন্ত চলবে এই কর্মসূচি। অভিযানকে সফল করতে সোমবার লোয়াইরপোয়া মণ্ডল বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হয় বিশেষ প্রস্তুতি সভা ও কর্মশালা।
মণ্ডল বিজেপির সভানেত্রী সম্পারানি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাসব্যাপী বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বুথ ও মণ্ডল স্তরে দলীয় কর্মীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে জনসেবার বার্তা তুলে ধরার উপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় সম্পা রানি চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর ২৫ বছরের জনসেবা ও সুশাসনের পথচলা দেশের উন্নয়ন ও জনকল্যাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অধ্যায়। এই ঐতিহাসিক সময়কে স্মরণীয় করে তুলতে দলের প্রত্যেক কর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে সমাজসেবামূলক কর্মসূচির মাধ্যমে অভিযানের লক্ষ্য বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
কর্মশালায় উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলা বিজেপির সাধারণ সম্পাদক দিলীপ দাস। তিনি ‘সেবা সংকল্প অভিযান’-এর উদ্দেশ্য ও কর্মসূচি বাস্তবায়ন নিয়ে কর্মীদের দিকনির্দেশ দেন। কর্মসূচিকে আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে জনগণের অংশগ্রহণে গণমুখী জনসেবামূলক অভিযানে পরিণত করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, ২০০১ সালের ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মাধ্যমে নরেন্দ্র মোদির সাংবিধানিক দায়িত্ব পালনের পথচলা শুরু হয়। সভায় হৃষিকেশ নন্দী, কিশোর চৌধুরী, ধ্রুব চক্রবর্তী, স্বপন দাস, সজল কুর্মি, রাজেন্দ্র ভরদ্বাজসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে অভিযানের সাফল্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন তাঁরা।



