বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : সোনাই রোডে শুরু হল সর্বজনীন গণেশ চতুর্থী মহোৎসব। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় আনুষ্ঠানিকভাবে পূজামণ্ডপের উদ্বোধন করেন ভারত সেবাশ্রমের সিতাংশু মহারাজ। মণ্ডপ উদ্বোধনের পাশাপাশি গণেশ মূর্তিতে পূজার্চনা করে পাঁচ দিনব্যাপী উৎসবের সূচনা করেন তিনি।
উদ্বোধনের পর আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে সিতাংশু মহারাজ ভগবান গণেশের আদর্শ অনুসরণ করে চলার আহ্বান জানান। তিনি বলেন, গণেশের কাছে মা-বাবার প্রতি শ্রদ্ধা ছিল সর্বোচ্চ। তাই প্রত্যেকেরই মা-বাবার প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং তাঁদের যত্ন নেওয়া প্রয়োজন। এর মাধ্যমেই গণেশ চতুর্থীর পূজা ও উৎসব সার্থক হয়ে উঠবে। পাশাপাশি তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে চলার পরামর্শ দেন। বক্তব্যে তিনি জাগতিক ও আধ্যাত্মিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।

সভায় বক্তব্য রাখেন পূজা কমিটির উপদেষ্টা শ্যামল বণিক। তিনি সবাইকে পূজায় আমন্ত্রণ জানান। মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাগরিক মন্টু দেব-সহ অন্যান্যরা।
শনিবার পর্যন্ত চলবে এই গণেশ চতুর্থী মহোৎসব। উৎসব উপলক্ষে প্রতিদিন দুপুর ১২টায় গণেশ দেবের অঞ্জলি প্রদান করা হবে। পাশাপাশি প্রতিদিন আয়োজন করা হয়েছে নৃত্য প্রতিযোগিতার। দুপুরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে এবং সন্ধ্যায় অনুষ্ঠিত হবে আরতি। আরতির পর থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।



