সোনাইতে রাজনীতির ঊর্ধ্বে শান্তিশৃঙ্খলার মধ্য দিয়ে তিনটি স্কুল পরিচালন কমিটি গঠিত

Spread the news

আব্দুল হক, সোনাই।
বরাক তরঙ্গ, ১০ সেপ্টেম্বর : শিক্ষাকেন্দ্রকে রাজনীতিমুক্ত রাখতে স্কুল পরিচালন সমিতি গঠনে বিশেষ উদ্যোগ নিয়েছে শিক্ষা বিভাগ। বিশেষ করে হাইস্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল পরিচালন সমিতি গঠনে সভাপতি এবং সহ-সভাপতি নির্বাচনে বিধায়কদের সুপারিশক্রমে শিক্ষা বিভাগ দুটি পদে নিযুক্তি দিত। সম্প্রতি স্কুল পরিচালন সমিতি গঠনে শিক্ষা বিভাগের জারি করা নির্দেশিকা মতে বিধায়কদের হস্তক্ষেপের ক্ষমতা খর্ব করে স্কুল পরিচালন সমিতি গঠনে ছাত্রছাত্রীদের অভিভাবকদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

নতুন নির্দেশিকা মতে, অভিভাবকদের সভা ডেকে ছাত্র অনুপাতে স্কুল পরিচালন সমিতি গঠনে সদস্য নির্বাচনের নির্দেশ রয়েছে। পরবর্তী সভা ডেকে নির্বাচিত সদস্যরা উপযুক্ত ব্যক্তিকে সভাপতি এবং সহ-সভাপতি নির্বাচনের সরকারি নির্দেশ মতে সোনাই এলাকার বিভিন্ন স্কুল পরিচালন সমিতি গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার একই দিনে তিনটি স্কুল পরিচালন সমিতি গঠনে সদস্য নির্বাচন প্রক্রিয়া শান্তি-শৃঙ্খলার মধ্যে সম্পন্ন হয়।

সাতকরাকান্দি হাইস্কুল পরিচালন সমিতি গঠনে সভা ডাকা হয়। বিশিষ্ট ব্যক্তি উজির আহমদ চৌধুরীর পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় শিক্ষার উন্নয়নে রাজনীতির ঊর্ধ্বে স্কুল পরিচালন সমিতি গঠনের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন বাঁশকান্দি ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রীর প্রতিনিধি সামসুল ইসলাম বড়ভূইয়া, জেলা পরিষদ সদস্য সুফিয়ান আহমদ লস্কর, সাতকরাকান্দি জিপি সভাপতি সেলিম উদ্দিন লস্কর, সমাজসেবী আমিনুল হক লস্কর ছাড়াও বিশিষ্ট ব্যক্তিগণ বিশেষ গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন।

সভায় সিদ্ধান্ত হয়, অতিসত্বর নির্বাচিত ১৮ জন সদস্যকে নিয়ে সভা ডাকা হবে। এসব সদস্যরা উপযুক্ত ব্যক্তিকে সর্বসম্মতিক্রমে সভাপতি এবং সহ-সভাপতি নির্বাচিত করবেন। সভার শেষ প্রান্তে স্কুলের প্রধান শিক্ষক আহমদ হোসেন বড়ভূইয়া, সহকারী শিক্ষক সেলিম চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে অত্যন্ত শান্ত পরিবেশে সদস্য নির্বাচন পূর্ব সম্পন্ন হওয়ায় অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিন সাতকরাকান্দি ২য় খণ্ড ৯৬০ নম্বর এলপি স্কুল পরিচালন সমিতি গঠনে সদস্য নির্বাচন করা হয়। প্রবীণ ব্যক্তি আব্দুছসালাম লস্করের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় শিক্ষার উন্নয়নে গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন। তাঁরা বলেন, স্কুল পরিচালন সমিতি গঠনে লবিবাজি কাম্য নয়। তাই উপযুক্ত অভিভাবককে সর্বসম্মতিক্রমে সদস্য নির্বাচনের আহ্বান জানান। এতে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সর্বসম্মতিক্রমে ১৪ জন সদস্য নির্বাচিত করা হয়।

অতিসত্বর দ্বিতীয় সভা ডেকে নির্বাচিত সদস্যরা সভাপতি এবং সহ-সভাপতি নির্বাচিত করবেন বলে ঘোষণা দেন স্কুলের প্রধান শিক্ষক সইদুল হক চৌধুরী। সভায় বক্তব্য রাখেন স্থানীয় গ্রুপ সদস্য রেবুল হক লস্কর, স্কুল পরিচালন সমিতির প্রাক্তন সভাপতি বুরহান উদ্দিন লস্কর প্রমুখ।

একই দিনে ৪৭০ নম্বর বারহালি এলপি স্কুল পরিচালন সমিতি গঠনে ১১ জন সদস্য নির্বাচিত করা হয়। সোনাই পুরসভার প্রাক্তন ওয়ার্ড কমিশনার মতিবুর রহমান লস্করের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় স্কুলের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন লস্কর স্কুল পরিচালন সমিতি গঠনের সরকারি নির্দেশিকার দিক তুলে ধরেন। বলেন, নির্বাচিত সদস্যদের নিয়ে অতিসত্বর সভা ডাকা হবে এবং এসব সদস্যরা সর্বসম্মতিক্রমে সভাপতি এবং সহ-সভাপতি নির্বাচিত করবেন বলে সরকারি নির্দেশিকার দিক তুলে ধরেন।

সভায় শিক্ষার উন্নয়নের দিক নিয়ে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষক আফতাব উদ্দিন বড়ভূইয়া, সোনাই পুরসভার ওয়ার্ড কমিশনার নূর আহমদ বড়ভূইয়া, রিয়াজুল হক লস্কর, সিআরসি মকসিনা বড়ভূইয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *