বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১০ সেপ্টেম্বর : শিলচর পুর নিগম নির্বাচনকে ঘিরে রংপুরের ৪ নম্বর ওয়ার্ডে প্রার্থী নির্বাচন নিয়ে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। এই ওয়ার্ডে শাসক দলের প্রার্থী শিবানীরানি দাসের বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন মানসী শুক্লবৈদ্য ও মনিকা মণ্ডল। ফলে নির্বাচনী লড়াই ত্রিমুখী রূপ নেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে দুই নির্দল প্রার্থী তাঁদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কারণ ও রাজনৈতিক অবস্থান তুলে ধরেন।
মানসী শুক্লবৈদ্যের দাবি, প্রায় ৩৫ বছর ধরে তিনি বিজেপির সঙ্গে কর্মী হিসেবে যুক্ত রয়েছেন। ৪ নম্বর ওয়ার্ড থেকে দলীয় প্রার্থী হওয়ার অন্যতম দাবিদারও ছিলেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে দল শিবানীরানি দাসকে প্রার্থী ঘোষণা করায় তিনি হতাশ হন বলে জানান। এরপর স্থানীয় বাসিন্দা ও সমর্থকদের পরামর্শ ও উৎসাহে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন বলে তাঁর দাবি।
অন্যদিকে, মনিকা মণ্ডলও স্থানীয় জনগণের সমর্থনেই নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনী ময়দানে নেমেছেন বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়। বর্তমানে দুই নির্দল প্রার্থীই ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচারে ব্যস্ত রয়েছেন।
সাংবাদিক সম্মেলনে নির্দল প্রার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিনের দলীয় কর্মীদের উপেক্ষা করে কিছু ক্ষেত্রে অন্য দল থেকে আসা ব্যক্তিদের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এমনকি প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও তাঁদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা। তবে এই অভিযোগের বিষয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত বিজেপির পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নির্বাচন যত এগিয়ে আসছে, রংপুরের ৪ নম্বর ওয়ার্ডে ততই বাড়ছে রাজনৈতিক তৎপরতা। শেষ পর্যন্ত শাসক দলের প্রার্থী নাকি দুই নির্দল প্রার্থীর মধ্যে কে ভোটারদের আস্থা অর্জন করতে পারেন, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।



