বরাক তরঙ্গ, ১০ সেপ্টেম্বর : নিখোঁজ তিন শিশুর সন্ধান মিলল পুকুরে। পুকুরে তল্লাশি চালিয়ে তিনজনের নিথর দেহ উদ্ধার করেন স্থানীয়রা। এই মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয়েছে বোকাজানে। বোকাজান থানার অন্তর্গত বরমান্থি গ্রামে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, বুধবার বিকেল থেকে তিন শিশু নিখোঁজ ছিল। পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজি করেও তাদের কোনও সন্ধান পাননি। পরে সন্ধ্যার দিকে গ্রামের একটি বড় পুকুরের পাড়ে নিখোঁজ শিশুদের পরা পোশাক দেখতে পান কয়েকজন স্থানীয় বাসিন্দা।
এরপর শিশুরা পুকুরের পানিতে ডুবে যেতে পারে বলে সন্দেহ করেন গ্রামবাসীরা। সঙ্গে সঙ্গে পুকুরে তল্লাশি অভিযান শুরু করা হয়। দীর্ঘ চেষ্টার পর পুকুর থেকে তিন শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত তিন শিশু বরমান্থি গ্রামের বাসিন্দা সুজিত গড়, গণেশ মেছ এবং রোহিত পানিকা বলে জানা গেছে। পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, মৃত শিশুদের বয়স সাত থেকে নয় বছরের মধ্যে।



