মোদি-পেজেশকিয়ান বৈঠকের পর ভারতের সঙ্গে সুসম্পর্কের বার্তা ইরানের

Spread the news

৮ সেপ্টেম্বর : দিল্লিতে আসন্ন ব্রিকস সম্মেলনের প্রাক্কালে ভারতের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের ওপর বিশেষ জোর দিল ইরান। সম্প্রতি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের পার্শ্ববৈঠকে নরেন্দ্র মোদি ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাক্ষাতের কথা স্মরণ করে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করার বার্তা দিয়েছে তেহরান।

সোমবার ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমায়েল বাঘেই বলেন, ‘দুই দেশের মধ্যে একটি দীর্ঘস্থায়ী, ঐতিহাসিক এবং সভ্যতামূলক সম্পর্ক রয়েছে। ইরান ভারতের সঙ্গে এই সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়।’ তিনি আরও বলেন, ‘ভারত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এবং ব্রিকস উভয় সংস্থারই সদস্য। ভারত এমন একটি দেশ যার সঙ্গে আমাদের বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে ভালো সম্পর্ক রয়েছে।’ উল্লেখ্য, আগামী ১১ থেকে ১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে ব্রিকস সম্মেলন। আর এই মঞ্চকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে আলোচনার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে ইরান।

আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ চাবাহার বন্দর প্রকল্প। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই বন্দর প্রকল্পের উন্নয়ন ও পরিচালনা সবসময়ই প্রাধিকার পায় বলে তেহরান জানিয়েছে। এনিয়ে ইসমায়েল বাঘেই বলেন, ‘ইরান ও ভারতের মধ্যে আলোচনার সময় সাধারণত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, যার মধ্যে চাবাহার বন্দরও রয়েছে, যা উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ। আমরা অবশ্যই ব্রিকস শীর্ষ সম্মেলনের মাধ্যমে প্রাপ্ত সুযোগকে কাজে লাগিয়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে ভারতের সঙ্গে আমাদের আলোচনা চালিয়ে যাব।’ সেই সঙ্গে তাঁর সংযোজন, ‘ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক ক্রমাগত বিকশিত হচ্ছে।’

উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবর্ষে চাবাহারের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ করা হলেও, ২০২৬-২৭-এ নতুন করে কোনও অর্থ বরাদ্দ করা হয়নি। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, মূল চুক্তি অনুযায়ী ভারতের ১২ কোটি মার্কিন ডলারের আর্থিক দায় আগেই পূরণ হওয়ায় নতুন বরাদ্দের প্রয়োজন পড়েনি। এদিকে, সম্প্রতি ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইরানের পেট্রোলিয়াম বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে চার ভারতীয় সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই ভূরাজনৈতিক প্রেক্ষাপটে আসন্ন ব্রিকস সম্মেলনে ভারত-ইরান দ্বিপাক্ষিক বৈঠক ও চাবাহার বন্দর নিয়ে আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *