২৫ বছরে সোনাবাড়িঘাটের ‘ঝিনুক লাইট হাউস’, সাফল্যের নেপথ্যে গ্রাহকের আস্থা

Spread the news

বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : ঘাত-প্রতিঘাত, লাভ-লোকসান এবং নানা চড়াই-উতরাই পেরিয়ে সাফল্যের ২৫ বছর পূর্ণ করল সোনাবাড়িঘাটের অন্যতম পরিচিত ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘ঝিনুক লাইট হাউস’। দীর্ঘ এই পথচলায় ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি সততা, নিষ্ঠা ও গ্রাহকসেবার মাধ্যমে নিজেকে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে তুলে ধরেছেন তরুণ উদ্যোক্তা ঝিনুক আহমদ লস্কর।

২০০১ সালে ছোট্ট একটি দোকানে বৈদ্যুতিক সামগ্রী ও অডিও ক্যাসেট বিক্রির মধ্য দিয়ে ব্যবসায়িক যাত্রা শুরু করেন ঝিনুক আহমদ। সময়ের সঙ্গে প্রযুক্তি ও বাজারের পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে ধীরে ধীরে ব্যবসার পরিধি বাড়াতে থাকেন তিনি। একসময় যে প্রতিষ্ঠানে অডিও ক্যাসেট বিক্রি হতো, সময়ের পরিবর্তনে সেই প্রতিষ্ঠানেই এখন পাওয়া যাচ্ছে ফ্রিজ, ওয়াশিং মেশিন, টেলিভিশন, মোবাইল ফোনসহ নানা ধরনের আধুনিক বৈদ্যুতিক সামগ্রী।

সোমবার প্রতিষ্ঠানের রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও গ্রাহকদের সঙ্গে মতবিনিময় সভায় নিজের দীর্ঘ ব্যবসায়িক জীবনের স্মৃতিচারণ করেন ঝিনুক আহমদ। তিনি বলেন, ২৫ বছরের এই পথচলায় সবচেয়ে বড় প্রাপ্তি হলো গ্রাহকদের বিশ্বাস, ভালোবাসা ও সহযোগিতা। গ্রাহকদের আস্থা ও আন্তরিকতার কারণেই তিনি আজ এই অবস্থানে পৌঁছতে সক্ষম হয়েছেন বলে জানান তিনি।

অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর। বক্তব্যে তিনি ঝিনুক আহমদের দীর্ঘ ব্যবসায়িক পথচলার প্রশংসা করেন। বিধায়ক বলেন, অডিও ক্যাসেট বিক্রির সময় থেকেই ঝিনুকের সঙ্গে তাঁর পরিচয়। সততা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই তিনি আজ একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেছেন।

তিনি আরও বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ঝিনুক আহমদের সংগ্রাম ও সাফল্য তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার দৃষ্টান্ত হতে পারে। তাঁর ব্যবসার আরও শ্রীবৃদ্ধি ও সাফল্য কামনা করেন বিধায়ক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনাই অঞ্চলের প্রাক্তন শিক্ষক ইকবাল হোসেন মজুমদার। এছাড়া দুই গ্রাহক আইনুল হক মজুমদার ও কমরুল ইসলাম লস্কর নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে ঝিনুক আহমদের ব্যবহার, আন্তরিকতা ও পরিষেবার প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *