নাগরিকত্বের নথি নিয়ে উদ্বেগে তালিকা থেকে বাদ পড়া ভোটাররা_____
বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : এসআইআর (SIR) প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর রবিবার প্রতিবেশী মণিপুর রাজ্যে আনুষ্ঠানিকভাবে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। অসমের সীমান্তবর্তী মণিপুরের জিরিবাম জেলার জিরিবাম বিধানসভা এলাকায় নতুন ভোটার তালিকা প্রকাশের পর ১,৭৭৪ জনের নাম বাদ পড়েছে।
জানা গেছে, এসআইআর প্রক্রিয়ার আগে জিরিবাম বিধানসভা এলাকায় মোট ভোটার ছিলেন ২৯,৮৯৪ জন। এর মধ্যে ১,৭৭৪ জন ভোটারের নাম নতুন তালিকায় স্থান পায়নি। জিরিবাম বিধানসভা এলাকায় মোট ৪২টি ভোটকেন্দ্র রয়েছে। প্রতিটি ভোটকেন্দ্র থেকেই কমবেশি সংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে বলে জানা গেছে।

এসআইআর প্রক্রিয়ায় প্রয়োজনীয় নথিপত্র যথাযথভাবে জমা দিতে না পারার কারণেই ওই ভোটারদের নাম তালিকাভুক্ত হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অন্যদিকে, কিছু নতুন ভোটারের নাম অন্তর্ভুক্ত হওয়ায় বর্তমানে জিরিবাম বিধানসভা এলাকায় মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ২৮,৩৩৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪,৪২৮ জন, মহিলা ভোটার ১৩,৯০৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একজন।
ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় ১,৭৭৪ জনের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ভবিষ্যতে মণিপুর সরকার তাঁদের নাগরিকত্ব বা ভোটার তালিকায় নাম পুনরায় অন্তর্ভুক্তির সুযোগ দেবে কি না, আর সুযোগ মিললেও প্রয়োজনীয় নথিপত্র তাঁরা সংগ্রহ করতে পারবেন কি না—তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন সংশ্লিষ্টরা।



