ছোট বিমান বিধ্বস্ত, নিহত দুই শিশু; গুরুতর আহত দুই প্রাপ্তবয়স্ক

Spread the news

৬ সেপ্টেম্বর: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফ্রেসনোর উত্তর-পশ্চিমাঞ্চলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই প্রাপ্তবয়স্ক গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সিয়েরা স্কাই পার্ক বিমানবন্দরের কাছে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ব্লাইথ অ্যাভিনিউ এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফ্রেসনো ফায়ার বিভাগ, পুলিশ, কাউন্টি শেরিফের কার্যালয় এবং নর্থ সেন্ট্রাল ফায়ার বিভাগের উদ্ধারকারী দল। তারা আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি আহত দুজনকে উদ্ধার করে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠায়। দুর্ঘটনায় নিহত দুই শিশু এবং আহত দুই প্রাপ্তবয়স্কের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

বিমানটি বিধ্বস্ত হওয়ার পর দুর্ঘটনাস্থলের আশপাশের এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক (PG&E)-এর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন। পরে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়। তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *