বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর: নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জিরিবামের আহামাদাবাদ এলাকায় তিনটি সন্দেহজনক বিস্ফোরক যন্ত্র বা আইইডি উদ্ধার করল ভারতীয় সেনাবাহিনী। শুক্রবার রেড শিল্ড ডিভিশনের সেনারা এই অভিযান চালান। সন্দেহজনক বস্তুগুলির সন্ধান পাওয়ার পরই সম্ভাব্য বিপদ এড়াতে এলাকাটি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। স্থানীয় বাসিন্দা এবং নিরাপত্তাকর্মীদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। বিস্ফোরক শনাক্ত করতে প্রশিক্ষিত বিস্ফোরক শনাক্তকারী কুকুরের সাহায্য নেওয়া হয়। পরীক্ষায় বিস্ফোরকের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে তিনটি আইইডি নিরাপদে নিষ্ক্রিয় করে ধ্বংস করে।

সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপের ফলে বিস্ফোরকগুলি বিস্ফোরিত হওয়ার আগেই সম্ভাব্য বিপদ মোকাবিলা করা সম্ভব হয়েছে। এর ফলে সাধারণ নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের জীবনহানির আশঙ্কা এড়ানো গেছে। পাশাপাশি দ্রুততার সঙ্গে ওই এলাকায় নিরাপদ যাতায়াতও পুনরায় চালু করা হয়।
সেনাবাহিনীর এই তৎপরতা মণিপুরে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের ধারাবাহিক নজরদারির বিষয়টি আরও একবার সামনে এনেছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও সেনাবাহিনীর এই দ্রুত ও পেশাদার পদক্ষেপ ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানা গেছে। এর ফলে নিরাপত্তা বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় জনগণ এবং অসামরিক প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখেই নিরাপত্তা সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মণিপুরে সাধারণ মানুষের জন্য নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করাই তাদের অন্যতম প্রধান লক্ষ্য।
জীবন রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতীয় সেনাবাহিনী ভবিষ্যতেও পেশাদারিত্ব, নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করবে বলে জানানো হয়েছে।



