বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : মহান শিক্ষাবিদ ও ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মজয়ন্তীকে উপলক্ষ করে শিক্ষক দিবসে ধলাই সমজেলার অধীন চান্নিঘাট গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি স্কুলে গিয়ে শিক্ষকদের সংবর্ধণা জানালো দক্ষিণ ধলাইয়ের অগ্রগণ্য এনজিও ‘বরাক গ্রিন মিশন’। এদিন সংস্থার সভাপতি আক্তার হোসেন লস্করের নেতৃত্বে এক প্রতিনিধিদল চান্নিঘাট মধ্যবঙ্গ বিদ্যালয়, নর্থ আরাধনপুর আপগ্রেডেড এলপি স্কুল, ১৫২৭ নং ফ্রেঞ্চনগর এলপি স্কুল ও ১৪৪০ নম্বর অনুমতি এলপি স্কুলে গিয়ে শিক্ষকদের উত্তরীয় পরিয়ে এবং উপহার সামগ্রী দিয়ে সম্মাননা জানান । পাশাপাশি তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বরাক গ্রিন মিশন এনজিও সভাপতি আক্তার হোসেন লস্কর বলেন, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, মহান শিক্ষাবিদ ও দার্শনিক ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মজয়ন্তীতে আমি সমগ্র শিক্ষক সমাজকে আমার সশ্রদ্ধ প্রণাম ও আন্তরিক অভিনন্দন জানাই। আজকের এই বিশেষ দিনটিতে আমাদের সংস্থার তরফে আমরা আমাদের গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি স্কুলে গিয়ে শিক্ষকদের সংবর্ধিত করতে পেরে অত্যন্ত গৌরবান্বিত বোধ করছি। তিনি বলেন শিক্ষকদের অবদানকে কেবল একটি নির্দিষ্ট দিনের সংবর্ধনা বা আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখা ঠিক নয়, শিক্ষক সমাজকে সর্বদাই শ্রদ্ধা ও সম্মানের দৃষ্টিতে দেখা উচিত। বিজেপি নেতা ছাবিল হোসেন লস্কর বলেন, শিক্ষকরাই হলেন আমাদের সমাজের আসল মেরুদণ্ড এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তথা জাতি গঠনের মূল কারিগর। একজন শিক্ষার্থীকে শুধু পুথিগত বিদ্যায় পারদর্শী করাই নয়, বরং তাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার পেছনে শিক্ষকদের ত্যাগ ও ধৈর্য অপরিসীম। সমাজের প্রতিটি স্তরের মানুষের উচিত শিক্ষকদের প্রতি যথাযথ সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করা। কারণ একটি আদর্শ ও উন্নত সমাজ গঠনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য।
এদিকে, বরাক গ্রিন মিশন এনজিও দ্বারা সংবর্ধিত হয়ে শিক্ষকরা অত্যন্ত আনন্দ প্রকাশ করে ভবিষ্যতেও এধরণের প্রচেষ্টা অব্যাহত রাখতে এনজিও কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান এবং সংস্থার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন।
এদিনের সংবর্ধণা অনুষ্ঠানে সভাপতি আক্তার হোসেন লস্করের সঙ্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্পাদক সুদীপ বিশ্বাস, বিজেপি সংখ্যালঘু মোর্চার ধলাই-নরসিংহপুর মণ্ডল সভাপতি ছাবিল হোসেন লস্কর, সংস্থার সদস্য আব্দুর রব বড়ভূইয়া, মনোজকুমার পাণ্ডে, গৌরমণি বর্মণ প্রমুখ।



