মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : শিক্ষক দিবস উপলক্ষে করিমগঞ্জ জেলা কংগ্রেস ও করিমগঞ্জ শহর ব্লক কংগ্রেসের যৌথ উদ্যোগে ইন্দিরা ভবনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার পাঁচজন অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাকে উত্তরীয়, মানপত্র ও উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জানানো হয়। শিক্ষকদের সমাজ ও জাতি গঠনের অন্যতম প্রধান কারিগর হিসেবে উল্লেখ করে অনুষ্ঠানে বক্তারা তাঁদের দীর্ঘদিনের অবদান ও নিষ্ঠার প্রতি শ্রদ্ধা জানান।
জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ বলেন, শিক্ষক শুধুমাত্র একটি পেশার সঙ্গে যুক্ত ব্যক্তি নন; তিনি দায়িত্ব, আদর্শ এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার প্রতীক। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ, আত্মবিশ্বাস ও মানবিকতার বিকাশ ঘটাতেও শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, একজন শিক্ষক কখনও অভিভাবক, কখনও পথপ্রদর্শক, আবার প্রয়োজনে শিক্ষার্থীর আশ্রয়দাতা হয়ে ওঠেন। সমাজের অবক্ষয় রোধ এবং শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করার ক্ষেত্রেও শিক্ষকদের ভূমিকা অপরিসীম।
জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শুভঙ্কর দাস ও প্রদীপ কুরি বলেন, দেশ ও সমাজ গঠনের অন্যতম প্রধান কারিগর শিক্ষকরা। সঠিক শিক্ষা ও দিকনির্দেশনার মাধ্যমে একজন পথভ্রষ্ট শিক্ষার্থীকেও সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা সম্ভব। তাই শিক্ষকদের অবদান শ্রেণিকক্ষের গণ্ডি পেরিয়ে গোটা সমাজে বিস্তৃত।
জেলা কংগ্রেসের মিডিয়া বিভাগের চেয়ারম্যান শাহাদাত আহমদ চৌধুরী বলেন, শিক্ষক জাতির মেরুদণ্ড। ভবিষ্যৎ প্রজন্মকে সুষ্ঠু, সুন্দর ও মানবিকভাবে গড়ে তুলতে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। তিনি বলেন, শিক্ষকরা যে সম্মান ও মর্যাদার অধিকারী, তা অন্য কোনো পেশার সঙ্গে তুলনা করা যায় না। তাই শুধু শিক্ষক দিবসে নয়, সারা বছরই তাঁদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা উচিত।
এদিন বিশেষভাবে সম্মানিত করা হয় অবসরপ্রাপ্ত শিক্ষিকা গীতা রানী সরকারকে। পাশাপাশি আরও চারজন অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাকেও উত্তরীয়, মানপত্র ও উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জানানো হয়।
শিক্ষক দিবসের কর্মসূচি ইন্দিরা ভবনের অনুষ্ঠানে সীমাবদ্ধ ছিল না। জেলা ও শহর ব্লক কংগ্রেসের কর্মকর্তা ও কর্মীরা করিমগঞ্জ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষক-শিক্ষিকাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন এবং তাঁদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-শিক্ষিকারা কংগ্রেসের এই উদ্যোগের প্রশংসা করে আয়োজকদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে করিমগঞ্জ শহর ব্লক কংগ্রেসের সভাপতি অনুরাগ দত্ত, ধ্রুবজ্যোতি দাস, প্রশান্ত পাল, গৌরাঙ্গ দে, অহিরঞ্জন দে, স্নেহাঙ্ক ভট্টাচার্য, দুলন পাল, সঞ্জয় আচার্য, লিটন বণিক, নমিক উদ্দিনসহ জেলা ও শহর ব্লক কংগ্রেসের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মীরা উপস্থিত ছিলেন। বিভিন্ন শাখা সংগঠনের কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।



