ঠগ-প্রতারণার বিরুদ্ধে রাজ্যজুড়ে পুলিশের বৃহৎ অভিযান, আটক প্রায় ৩০০

Spread the news

বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : ঠগ-প্রতারণা ও আর্থিক জালিয়াতির বিরুদ্ধে রাজ্যজুড়ে বড়সড় অভিযান শুরু করেছে অসম পুলিশ। বিভিন্ন ধরনের আর্থিক প্রতারণা, ভুয়ো ফোনকল ও মেসেজের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণা করা অপরাধচক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে শুরু হওয়া এই বিশেষ অভিযানের আওতায় রাজ্যের ২৯টি জেলায় একযোগে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এখনও পর্যন্ত প্রায় ৩০০ জন সন্দেহভাজন ঠগ-প্রতারককে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।

সম্প্রতি অসমের বিভিন্ন থানায় প্রতারণা ও সাইবার আর্থিক জালিয়াতির অভিযোগে মামলা বাড়তে থাকায় এই ব্যাপক অভিযান শুরু করেছে অসম পুলিশ। ভুয়ো ফোনকল ও মেসেজ পাঠানো, বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখানো এবং ভুয়ো পুলিশ আধিকারিকের পরিচয় দিয়ে টাকা আদায়ের মতো অভিযোগে জড়িত ব্যক্তিদের নিশানা করা হয়েছে।

ডবকাতেও প্রতারকদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এখনও পর্যন্ত ৬ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন লুটফুর রহমান, নাজিম উদ্দিন, বিলাল আহমদ, আয়বুর রহমান ও মানিক-সহ মোট ছয়জন।

অন্যদিকে, মোরাঝার থানার অন্তর্গত এলাকাতেও দুজন সন্দেহভাজন প্রতারককে আটক করেছে অসম পুলিশ।

শিবসাগরেও পুলিশের জালে ধরা পড়েছে দুজন প্রতারক। আটক ব্যক্তিরা হলেন ইমরান আলি ও ইনামুল হক। হোজাই জেলায় ১৬ জনকে আটক করা হয়েছে। ধুবুড়ি জেলাতেও তিনজন প্রতারককে আটক করেছে পুলিশ।

অন্যদিকে, গোয়ালপাড়ায় এখনও পর্যন্ত পাঁচজন প্রতারককে আটক করেছে গোয়ালপাড়া পুলিশ। ভুয়ো পুলিশ আধিকারিকের পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণা করা, সরকারি বা বেসরকারি দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা সংগ্রহ করা এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাজ্যের সাধারণ মানুষকে সতর্ক করে পুলিশ সন্দেহজনক ফোনকল, মেসেজ কিংবা আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। অসম পুলিশের তদন্ত এখনও চলছে। আগামী দিনে প্রতারকদের বিরুদ্ধে এই অভিযান আরও জোরদার হতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *