৫ সেপ্টেম্বর : বলিভিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর ভিয়াচায় একটি সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত ও ৬২ জন আহত হয়েছেন। শুক্রবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
স্থানীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক রিতা নেব্রাস্কা জানিয়েছেন, বিস্ফোরণে নিহতের সংখ্যা ১০ থেকে ১৫ জন হতে পারে। আহতদের মধ্যে ১৪ জনকে চিকিৎসার জন্য রাজধানী লা পাজের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে এক কিশোরীও রয়েছে, যার শরীর তৃতীয় মাত্রায় দগ্ধ হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার বেলা আড়াইটার দিকে শহরের একটি সামরিক স্থাপনায় বিস্ফোরণটি ঘটে। ওই স্থাপনায় পাইরোটেকনিক সামগ্রী সংরক্ষণ করা হতো। কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণের উৎস ছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আতশবাজির মজুত। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ভিয়াচা শহরটি রাজধানী লা পাজ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশের ভাষ্য, বেশিরভাগ ক্ষয়ক্ষতি হয়েছে বাড়ির জানালার কাচ ভেঙে যাওয়ার কারণে।
বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী আর্নেস্তো জাস্টিনিয়ানো জানিয়েছেন, আহতদের মধ্যে ৫২ জন বেসামরিক নাগরিক এবং বাকিরা সামরিক বাহিনীর সদস্য।
ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স, চিকিৎসাকর্মী, পুলিশ ও দমকল বাহিনী মোতায়েন করা হয়েছে। দমকলকর্মীরা জানিয়েছেন, ঘটনাস্থলে এখনো তাপের উৎস রয়েছে। এতে আবারও বিস্ফোরণের ঝুঁকি থাকায় স্থানীয় বাসিন্দাদের অন্তত ১৫০ মিটার দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।



