মিজোরামের রেলপথ সারাতে এক সপ্তাহের লক্ষ্য এএনএফ রেলের

Spread the news

বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কাটাখাল-বৈরবী রেলপথ মেরামত করে এক সপ্তাহের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক করার লক্ষ্য নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। তবে আবহাওয়া এবং দুর্গম এলাকায় নির্মাণসামগ্রী পৌঁছে দেওয়ার সমস্যা সেই লক্ষ্য পূরণের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে জানিয়েছেন রেলের আধিকারিকেরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় অসমের জামিরা এবং মিজোরামের বৈরবীর মধ্যবর্তী চড়রাইবাক এলাকায় প্রবল বৃষ্টির জেরে রেললাইনের নীচের মাটি ধসে যায়। প্রায় ৭০ মিটার রেলপথ ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই শাখায় ট্রেন চলাচল বন্ধ করে দিতে হয়। এর ফলে দেশের বাকি অংশের সঙ্গে মিজোরামের রেল যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বদরপুরের অ্যারিয়া ম্যানেজার বীরেন্দ্র কুমার মীনা শুক্রবার বলেন, ‘‘রেলপথটি চালু করার জন্য আমরা মোটামুটি এক সপ্তাহের লক্ষ্য রেখেছি। তবে সবটাই নির্ভর করবে আবহাওয়ার উপরে।’’

ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছনোটাই এখন রেলের কাছে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন মীনা। তাঁর কথায়, ‘‘কর্মী, যন্ত্রপাতি এবং নির্মাণসামগ্রী নিয়ে ঘটনাস্থলে পৌঁছনো অত্যন্ত কঠিন। নিকটতম মোটর চলাচলের রাস্তা অনেক দূরে। ভারী বৃষ্টি, বন্যা এবং ধসের কারণে এলাকার সড়কগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে।’’

উত্তর-পূর্ব সীমান্ত রেল ইতিমধ্যেই মেরামতির জন্য প্রয়োজনীয় কর্মী ও সামগ্রী পাঠিয়েছে। তবে রেল কর্তৃপক্ষের বক্তব্য, প্রতিকূল আবহাওয়া কতটা কাটে এবং দুর্গম ঘটনাস্থলে কত দ্রুত প্রয়োজনীয় সামগ্রী পৌঁছনো যায়, তার উপরেই নির্ভর করবে কাটাখাল-বৈরাবী শাখায় ফের ট্রেনের চাকা গড়ানোর সময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *