‘বরাক কারও পৈতৃক সম্পত্তি নয়’, মিঠুন নাথকে পাল্টা হুঁশিয়ারি শুভজিতের

Spread the news

বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : আলগাপুর-কাটলিছড়ার বিধায়ক জুবাইর আনাম মজুমদারকে নিয়ে কটূক্তির অভিযোগকে কেন্দ্র করে শিলচরের হিন্দুত্ববাদী নেতা মিঠুন নাথকে পাল্টা হুঁশিয়ারি দিলেন শ্রীভূমি জেলা যুব কংগ্রেসের মুখপাত্র তথা যুবনেতা শুভজিৎ চক্রবর্তী।

শুভজিৎ চক্রবর্তী বলেন, “বরাক কারও পৈতৃক সম্পত্তি নয়।” তাঁর অভিযোগ, বিধায়ক জুবাইর আনাম মজুমদারকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্যের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের মন্তব্য কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে জানান তিনি।

যুব কংগ্রেসের এই নেতা আরও বলেন, বরাক উপত্যকার মানুষ শান্তি, সম্প্রীতি ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে চায়। ব্যক্তিগত আক্রমণ কিংবা কটূক্তির মাধ্যমে মানুষের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা হলে যুব কংগ্রেস গণতান্ত্রিক পদ্ধতিতে তার প্রতিবাদ করবে।
মিঠুন নাথের উদ্দেশে পাল্টা হুঁশিয়ারি দিয়ে শুভজিৎ বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তবে জনপ্রতিনিধি বা কোনও সম্প্রদায়কে লক্ষ্য করে অসম্মানজনক মন্তব্য করা উচিত নয়। ভবিষ্যতে এ ধরনের বক্তব্যের পুনরাবৃত্তি হলে আরও জোরালো ও কঠোরভাবে গণতান্ত্রিক প্রতিবাদ জানানো হবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *