বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : বিশ্বনাথের বালিঘাটে এক রোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে হত্যা করার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র বালিঘাট এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, দম্পতির সন্তান কোচিং (টিউশন) থেকে ঘরে ফেরার পর ঘরের ভেতর মা ও বাবার রক্তাক্ত মৃতদেহ দেখতে পায়। ঘটনাটি জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন।
সংবাদ পাওয়া মাত্রই সোতিয়া পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির তদারকি করে। পুলিশ মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তেজপুর মেডিক্যাল কলেজে পাঠায়।
প্রাথমিক তদন্তে পুলিশ সন্দেহ করছে যে, তীব্র পারিবারিক কলহের জেরেই এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। তবে হত্যাকাণ্ড ও আত্মহত্যার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। সোতিয়া পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আসল রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।



