৩ সেপ্টেম্বর: ফের আলোচনার কেন্দ্রে কলকাতার ক্যামাক স্ট্রিটে তৃণমূলের কার্যালয়। বৃহস্পতিবার ভোররাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ঢুকে একদল দুষ্কৃতী ভাঙচুর চালায় এবং কর্মীদের মারধর করে বলে অভিযোগ তৃণমূলের। ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক বন্দ্যোপাধ্যায় সিসিটিভি ফুটেজ প্রকাশ করে অভিযোগ করেন, ‘অস্ত্রশস্ত্রে সজ্জিত বিজেপির গুন্ডারা’ এই হামলা চালিয়েছে। তাঁর দাবি, ভোর সাড়ে ৪টা নাগাদ কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলা চালানো হয়। দুষ্কৃতীরা কর্মীদের মারধর করার পাশাপাশি তাঁদের ফোন ছিনিয়ে নেয়, আসবাবপত্র ও ইলেকট্রনিক গ্যাজেট ভাঙচুর করে এবং গোটা কার্যালয় তছনছ করে দেয়।
অভিষেকের আরও অভিযোগ, ঘটনার পর প্রায় দু’ঘণ্টা ধরে একাধিকবার ফোন ও ইমেলের মাধ্যমে পুলিশকে জানানো হলেও সময়মতো কোনও সাড়া পাওয়া যায়নি। অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে অভিষেক লেখেন, ‘আজ সকালে ক্যামাক স্ট্রিটে যা ঘটেছে, তা আইনের শাসনের উপর লজ্জাজনক আঘাত।’ তাঁর অভিযোগ, এই হামলার পিছনে বিজেপির সশস্ত্র দুষ্কৃতীরা রয়েছে।
তবে তৃণমূলের অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে বিজেপি। বিজেপি নেতা সজল ঘোষের দাবি, এই ঘটনায় বিজেপি কোনওভাবেই জড়িত নয়। তাঁর কথায়, ‘বিজেপি এর সঙ্গে যুক্ত নয়, এ সবই সাজানো ঘটনা।’



