সাংবাদিকদের স্বাস্থ্যবিমা, পেনশন ও পুজোর বোনাস প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ঘোষণাকে স্বাগত অসম বার্তাজীবী সংঘের

Spread the news

সাংবাদিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে অসমের মুখ্যমন্ত্রীকে ব্যবস্থা গ্রহণের আহ্বান

বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের সমস্ত সাংবাদিকের জন্য স্বাস্থ্যবিমা যোজনার সুবিধা, পুজো উপলক্ষে বোনাস এবং সমস্ত অবসরপ্রাপ্ত সাংবাদিককে পেনশন দেওয়ার ঘোষণা করায় তাকে স্বাগত জানিয়েছে অসম বার্তাজীবী সংঘ। এক বিবৃতিতে অসম বার্তাজীবী সংঘের সভাপতি মধুসূদন মেধি এবং সাধারণ সম্পাদক অঞ্জন কুমার শর্মা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, এটি রাজ্যের সাংবাদিকদের প্রতি সরকারের সম্মান এবং তাঁদের কাজের স্বীকৃতি। অসমেও সাংবাদিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে অনুরূপ ব্যবস্থা গ্রহণের জন্য মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার কাছে আবেদন জানিয়েছে অসম বার্তাজীবী সংঘ।

বিবৃতিতে সংঘের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সরকারের কাজকর্ম ও বিভিন্ন প্রকল্পের তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি জনগণের সমস্যাগুলি সরকারের নজরে আনতে সাংবাদিকরা দিন-রাত কাজ করে চলেছেন। অথচ অসমের অধিকাংশ সাংবাদিক এখনও তাঁদের প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।
অসম সরকার ২০১৭ সাল থেকে অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য পেনশন চালু করলেও এর আওতায় থাকা উপভোক্তার সংখ্যা এবং পেনশনের অর্থের পরিমাণ বাড়ানো প্রয়োজন বলে জানিয়েছে সংঘ। একইসঙ্গে সাংবাদিকদের স্বাস্থ্যবিমার আওতায় আনা জরুরি বলেও উল্লেখ করা হয়েছে। অর্থের অভাবে বহু সাংবাদিক উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। জনসংযোগ বিভাগের মাধ্যমে জার্নালিস্ট মেডিক্যাল ওয়েলফেয়ার স্কিমের অধীনে চিকিৎসার জন্য ব্যয় করা অর্থের সামান্য অংশই পরিশোধ করা হয় বলে অভিযোগ করেছে সংঘ। পাশাপাশি, এই সংক্রান্ত কমিটির বৈঠকও বর্তমানে নিয়মিতভাবে প্রতি মাসে অনুষ্ঠিত হচ্ছে না। বৈঠক নিয়মিত আয়োজনের ক্ষেত্রেও জনসংযোগ বিভাগের সংশ্লিষ্ট আধিকারিকদের তৎপরতার অভাব রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

একইভাবে, রাজ্যের মূলধারার বহু সাংবাদিক আবেদন করার পরও এখনও জনসংযোগ বিভাগের পরিচয়পত্র পাননি। এর ফলে সাংবাদিকদের প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করছে স্বয়ং জনসংযোগ বিভাগ—এমন অভিযোগ করেছে অসম বার্তাজীবী সংঘ।

অন্যদিকে, সরকারি পরিচয়পত্র পেতে সক্ষম না হওয়া একাংশ সাংবাদিকের অবসরের সময়ও ঘনিয়ে এসেছে। বিষয়টি অসম বার্তাজীবী সংঘ গত ৪ জুলাই মুখ্যমন্ত্রীর নজরে আনে। এরপর মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁর ব্যক্তিগত প্রধান সচিব জনসংযোগ বিভাগের সঞ্চালককে এ বিষয়ে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু বাস্তবে দু’মাস পেরিয়ে গেলেও সেই নির্দেশ কার্যকর হয়নি বলে অভিযোগ সংঘের।

রাজ্যের সংবাদমাধ্যম ও সাংবাদিকদের সমস্যা সমাধানের বিষয়টি জনসংযোগ বিভাগের আধিকারিকদের দক্ষতা ও ভূমিকার ওপর অনেকাংশে নির্ভর করে উল্লেখ করে, এ ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জনসংযোগ বিভাগের সঞ্চালক ও কমিশনারের কাছেও আবেদন জানিয়েছে অসম বার্তাজীবী সংঘ।

দীর্ঘদিন ধরে নিয়মিত বৈঠক করতে ব্যর্থ সাংবাদিক-সংক্রান্ত জনসংযোগ বিভাগের বিভিন্ন কমিটি ভেঙে দিয়ে দ্রুত নতুন কমিটি গঠনেরও দাবি জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যের সব শ্রেণির মানুষের কল্যাণে বর্তমান সরকার কাজ করে চলেছে। তাই গত বছরের মতো এবারও ১ জানুয়ারি সাংবাদিকদের পেনশন ঘোষণার পাশাপাশি রাজ্যের সাংবাদিকদের অন্যান্য সমস্যাগুলি সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার কাছে আবেদন জানিয়েছেন অসম বার্তাজীবী সংঘের সভাপতি মধুসূদন মেধি ও সাধারণ সম্পাদক অঞ্জন কুমার শর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *