দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : চালকদের ‘স্টিয়ারিং ছাড়ো’ আন্দোলনের জেরে তৃতীয় দিনেও কার্যত অচল হয়ে রয়েছে ৩০৬ নম্বর শিলচর-আইজল জাতীয় সড়ক। আন্দোলনের কারণে অসম-মিজোরাম সীমান্তের লায়লাপুর এলাকায় সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে শত শত পণ্যবাহী ট্রাক ও লরি।
আন্দোলনরত চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মিজোরামে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অসমের চালকদের। একাধিকবার বিষয়টি প্রশাসনের নজরে আনা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি।
ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা গাড়ির স্টিয়ারিং ধরবেন না। তাঁদের দাবি, মিজোরামে অসমের চালকদের অবাধ যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হয়রানি বন্ধে প্রশাসনকে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। চালকদের হুঁশিয়ারি, তাঁদের দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত ‘চাকা বন্ধ’ আন্দোলন এবং জাতীয় সড়ক অবরোধ অব্যাহত থাকবে।
এদিকে, আন্দোলন দীর্ঘায়িত হলে আসাম ও মিজোরামের মধ্যে পণ্য পরিবহণে ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।



