বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : গভীর রাতে বাড়ির উঠানে রাখা একটি ই-অটোয় অগ্নিসংযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সোনাইয়ের বেরাবাক দ্বিতীয় খণ্ডের ভকরারপার এলাকায়। অজ্ঞাত দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে ই-অটোয় আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ মালিক জিয়াউল হোসেন লস্করের।
জানা গেছে, সোমবার রাত আনুমানিক পৌনে ২টা নাগাদ AS 11G C 3017 নম্বরের ই-অটোয় আগুন লাগে। প্রতিদিনের মতো পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমিয়ে ছিলেন চালক জিয়াউল হোসেন। হঠাৎ তাঁর স্ত্রী আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে পরিবারের সদস্যরা বাইরে বেরিয়ে আসেন। তাঁরা দেখতে পান, আগুনের লেলিহান ই-অটো দাউদাউ করে জ্বলছে। পুরো অটো পুড়ে ছাই হয়ে যায়।
পরিবারের সদস্যরা জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ই-অটোটি রক্ষা করা সম্ভব হয়নি। তবে পাশে রাখা প্রতিবেশীর একটি অটোরিকশা অল্পের জন্য আগুনের হাত থেকে রক্ষা পায়।

জিয়াউল হোসেনের অভিযোগ, দরজা খুলে বাইরে বের হওয়ার সময় তিনি দু’জন যুবককে বাড়ির দিক থেকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন। তাঁর সন্দেহ, ওই দুই যুবকসহ অজ্ঞাত দুষ্কৃতকারীরাই পরিকল্পিতভাবে ই-অটোয় আগুন ধরিয়ে দিয়েছে।
ঘটনার খবর পেয়ে রাতেই সোনাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এ ঘটনায় মঙ্গলবার সোনাই থানায় একটি মামলা দায়ের করেছেন জিয়াউল হোসেন লস্কর। অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।



