বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : সরকারি নির্ধারিত সময় মেনে স্কুল না খোলার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে লক্ষীপুর বিধানসভার রাজাবাজার মণ্ডলের জয়পুর ডিস্কা গ্রান্ট এলাকার ৭২৭ নম্বর এলপি স্কুলে। অভিযোগ, প্রতিদিন নির্ধারিত সময়ের প্রায় আড়াই ঘণ্টা পর স্কুলের দরজা খোলা হচ্ছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় গ্রামবাসী ও অভিভাবকরা।
স্থানীয়দের অভিযোগ, নিয়ম অনুযায়ী সকাল ৭টা ৩০ মিনিটে স্কুল খোলার কথা থাকলেও বাস্তবে প্রায় প্রতিদিনই সকাল ১০টার দিকে স্কুল খোলা হচ্ছে। ফলে নির্ধারিত সময়ে স্কুলে পৌঁছে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে পড়ুয়া ও অভিভাবকদের। এতে একদিকে যেমন পড়াশোনার সময় নষ্ট হচ্ছে, অন্যদিকে স্কুলের নিয়মকানুন নিয়েও প্রশ্ন উঠছে। অভিভাবকরা জানান, বিষয়টি নিয়ে কয়েকজন স্থানীয় বাসিন্দা স্কুলের প্রধান শিক্ষিকার কাছে জানতে চাইলে তিনি বিভিন্ন কারণ দেখিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এমনকি স্কুল খোলার সময় নিয়ে প্রশ্ন তোলায় পুলিশ ডাকার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তাঁরা।
বিষয়টি ইতিমধ্যেই স্কুল পরিচালন কমিটির সভাপতির নজরেও আনা হয়েছে। স্থানীয়দের দাবি, সভাপতির পক্ষ থেকেও প্রধান শিক্ষিকাকে নির্ধারিত সময়ে স্কুলে উপস্থিত হয়ে সরকারি নিয়ম মেনে স্কুল পরিচালনার জন্য একাধিকবার বলা হয়েছে। তবে অভিযোগ, এরপরও পরিস্থিতির কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। এই ঘটনায় স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্ন উঠছে। এ বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন অভিভাবকরা।
তবে অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধান শিক্ষিকার কোন মন্তব্য পাওয়া যায়নি।



