বই আনেনি, রোদে দাঁড় করানোর অভিযোগ, সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য

Spread the news

৩১ আগস্ট : স্কুলে বই না নিয়ে আসার ‘অপরাধে’ প্রচণ্ড রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখা হয়েছিল ১০ বছরের এক ছাত্রীকে। এরপর অসুস্থ হয়ে পড়া ওই ছাত্রীর শারীরিক ও মানসিক অবস্থার অবনতি ঘটে এবং গত ২৭ আগস্ট তার মৃত্যু হয় বলে পরিবারের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে পূর্ব দিল্লির পাণ্ডব নগরের একটি সরকারি স্কুলের শিক্ষিকার ভূমিকা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীটি সপ্তম শ্রেণির পড়ুয়া ছিল। পরিবারের অভিযোগ, গত ২২ জুলাই বই না নিয়ে স্কুলে যাওয়ায় শিক্ষিকা তাকে বকাঝকা করেন। এরপর শাস্তি হিসেবে তাকে ক্লাসের বাইরে প্রচণ্ড রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখা হয়। দীর্ঘক্ষণ রোদে থাকার পরই সে অসুস্থ হয়ে পড়ে বলে পরিবারের দাবি। পরিস্থিতি দেখে স্কুল কর্তৃপক্ষ পরিবারের সদস্যদের খবর দেয় এবং পরে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

পরিবারের দাবি, ওই ঘটনার পর থেকেই মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়েছিল। অসুস্থ হওয়ার পর স্কুলের পক্ষ থেকে কেউ তার খোঁজ নিতেও আসেনি বলে অভিযোগ।

তবে পুলিশ জানিয়েছে, শিশুটির আগে থেকেই মৃগীরোগের সমস্যা ছিল। ২২ জুলাই অসুস্থ হওয়ার পর তাকে IHBAS-এ চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। তাই মৃত্যুর প্রকৃত কারণ এবং স্কুলে দেওয়া শাস্তির সঙ্গে মৃত্যুর সরাসরি কোনও যোগ ছিল কি না, তা এখনও নিশ্চিত নয়। চিকিৎসার নথিও খতিয়ে দেখা হচ্ছে।

৩১ আগস্ট কল্যাণপুরী থানায় পরিবারের অভিযোগ পৌঁছনোর পর তদন্ত শুরু হয়েছে। স্থানীয় বিজেপি বিধায়ক রবীন্দ্র সিং নেগিও প্রশাসনিক তদন্তের দাবি জানিয়েছেন। ঘটনার পাশাপাশি শিক্ষিকার বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগের সত্যতাও খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *