বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : ডিব্রুগড়ের খনিকর এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হল এক দশম শ্রেণির ছাত্রের। সোমবার সংঘটিত এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে সমীরণ গোঁহাই নামে এক ছাত্র। বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খনিকরের কাছে একটি বাইক ও স্কুটির মধ্যে আচমকাই মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই গুরুতর জখম হন সমীরণ। দ্রুত তাঁকে উদ্ধার করার চেষ্টা করা হলেও শেষরক্ষা হয়নি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এই দুর্ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে।
মৃত সমীরণ গোঁহাই ডিব্রুগড়ের সেন্ট জেভিয়ার্স স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিলেন। পড়াশোনার পাশাপাশি স্বাভাবিক জীবনযাপন করা এই কিশোরের আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, সহপাঠী এবং শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সমীরণের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা।



