শিলচরের চামড়াগুদামে মোবাইলের দোকানের চাল কেটে ২৫ লক্ষের সামগ্রী লুটে নিল

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ আগস্ট :  শিলচরের চামড়াগুদাম রোডে একটি মোবাইলের দোকানে হানা দেয় চোরের দল। দোকানের চাল কেটে ভেতরে ঢুকে হাতিয়ে নিল প্রায় ২৫ লক্ষ টাকার মোবাইল ফোন সহ সামগ্রী। শুক্রবার রাতে তারেক আনোয়ার চৌধুরীর ‘কানেক্টিং ওয়ার্ল্ড’ নামের দোকানে এই চুরির ঘটনাটি সংঘটিত হয়। 

জানা যায়, শনিবার সকালে দোকান খুললে নজরে পড়ে ঘটনাটি। তারেক দেখতে পান, দোকানের শোকেসগুলো এলোমেলো অবস্থায় রয়েছে এবং বেশ কয়েকটি মোবাইল ফোনও উধাও। এরপর দেখতে পান দোকানের উপরের বড় ছিদ্র। টিন কেটে চোরেরা ভিতরে প্রবেশ করে বহু মোবাইল ফোনের পাশাপাশি নগদ টাকাও নিয়ে যায়।
ঘটনার পর দোকানের মালিক শিলচর সদর থানায় লিখিত এজাহার দায়ের করেন। এজাহারের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে দোকান ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান দোকান মালিক।

দোকান মালিকের দাবি, চুরির ঘটনায় প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকা মূল্যের মোবাইল ফোন ও নগদ অর্থ খোয়া গেছে। তবে চুরি যাওয়া সামগ্রীর সঠিক পরিমাণ তদন্তের পরই স্পষ্ট হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চোরদের শনাক্ত ও লুট হওয়া সামগ্রী উদ্ধারে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *