বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : চন্দ্রনাথপুর-লঙ্কা দ্বিতীয় রেলপথ নির্মাণের দাবিতে ফের বৃহত্তর আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি। আগের আন্দোলনের ধারাবাহিকতায় এবারও বরাক উপত্যকাজুড়ে দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৩০ আগস্ট রবিবার, সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত করিমগঞ্জ রেলস্টেশনে এক ধরনা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কর্মসূচির মূল দাবি, চন্দ্রনাথপুর-লঙ্কা দ্বিতীয় রেলপথের নির্মাণকাজ অবিলম্বে যুদ্ধকালীন তৎপরতায় শুরু করা। সংগঠনের আহ্বায়ক অরুণাংশু ভট্টাচার্য জানান, দীর্ঘদিন ধরে এই দ্বিতীয় রেলপথের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে আসছেন তাঁরা। কিন্তু দাবি পূরণে কার্যকর পদক্ষেপ না হওয়ায় ফের বৃহত্তর আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধরনা কর্মসূচিকে সফল করে তুলতে সাধারণ মানুষসহ সংশ্লিষ্ট সকলের সক্রিয় উপস্থিতি ও সমর্থনের আহ্বান জানিয়েছে ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি।



