সীমান্ত পরিদর্শন, মহাদেবপুরে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় এসএসপি দাসের

Spread the news

শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২২ আগস্ট :
সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনে জোর দিল কাছাড় পুলিশ। ইতোমধ্যে পশ্চিম কাটিগড়ার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বিভিন্ন এলাকা পরিদর্শন করেন কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাস। পরিদর্শনের অংশ হিসেবে সীমান্তবর্তী মহাদেবপুর গ্রামে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এদিনের আলোচনায় সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি, স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে বাসিন্দাদের কাছ থেকে সরাসরি তথ্য নেন এসএসপি। দীর্ঘদিন ধরে থাকা বিভিন্ন অসুবিধা ও প্রয়োজনের কথাও পুলিশ সুপারের সামনে তুলে ধরেন স্থানীয়রা।

বাসিন্দাদের বক্তব্য, মনোযোগ দিয়ে শোনার পাশাপাশি তাঁদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন পার্থপ্রতিম দাস। সীমান্ত এলাকায় শান্তি ও আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সঙ্গে স্থানীয়দের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন। এসএসপি বলেন, সীমান্তবর্তী এলাকার মানুষের নিরাপত্তা ও স্বার্থকে পুলিশ প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে। কোনও সমস্যা বা অসুবিধার সম্মুখীন হলে সাধারণ মানুষ যাতে দ্বিধাহীনভাবে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন, সে বিষয়েও স্থানীয়দের উৎসাহিত করেন তিনি। সীমান্ত এলাকার মানুষের পাশে পুলিশ প্রশাসন সবসময় থাকবে বলেও আশ্বস্ত করেন পার্থপ্রতিম দাস।

পাশাপাশি সীমান্ত এলাকায় সন্দেহজনক গতিবিধি কিংবা কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা নজরে এলে দ্রুত পুলিশকে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়। পুলিশের সঙ্গে সাধারণ মানুষের পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও সুদৃঢ় হলে সীমান্ত এলাকার নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে বজায় রাখা সম্ভব বলে মনে করছেন এলাকার মানুষ।

স্থানীয়দের সঙ্গে এসএসপির এই সরাসরি মতবিনিময় সীমান্তবাসী ও পুলিশ প্রশাসনের মধ্যে যোগাযোগ আরও নিবিড় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *