বিকাশ ধর হত্যাকাণ্ডের নিন্দা গ্লোবাল প্রগ্রেসিভ ফাউন্ডেশনের, দোষীদের কঠোর শাস্তির দাবি

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৫ আগস্ট :
বাজারিছড়া এলাকার বিজেপির বুথ কমিটির সভাপতি বিকাশ কুমার ধর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করেছেন বিশিষ্ট সমাজসেবী, গ্লোবাল প্রগ্রেসিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান তথা ছাত্রনেতা মওলানা বদরুল হক। শনিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোরতম শাস্তির দাবি জানান।

বদরুল হক জানান, হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে কয়েকজনকে করিমগঞ্জ পুলিশ গ্রেফতার করেছে। দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করতে হবে এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

একইসঙ্গে হত্যাকাণ্ডের পর এলাকার সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর দাবি, কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষ দোকানপাট ভাঙচুর, বাড়িঘরে অগ্নিসংযোগ ও হয়রানির শিকার হচ্ছেন। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপের আবেদন জানান তিনি।

বদরুল হক বলেন, কোনও অপরাধের সঙ্গে গোটা ধর্ম বা সম্প্রদায়কে যুক্ত করা উচিত নয়। অপরাধী যে সম্প্রদায়েরই হোক, আইন অনুযায়ী তার শাস্তি হওয়া জরুরি। পাশাপাশি নিরপরাধ মানুষের বিরুদ্ধে হামলা, ভাঙচুর বা হয়রানি বন্ধে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এলাকায় শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বদরুল হক। একইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের আরও কার্যকর ভূমিকা দাবি করেন। তিনি বলেন, বিকাশ ধর হত্যার প্রকৃত দোষীদের কঠোর শাস্তির পাশাপাশি কোনও নিরপরাধ ব্যক্তি যেন প্রতিহিংসার শিকার না হন, সেটিও নিশ্চিত করতে হবে। সাংবাদিক সম্মেলনে নজরুল ইসলাম, জয়নাল উদ্দিনসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *