দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : কৈবর্ত সম্প্রদায়কে লক্ষ্য করে উসকানিমূলক ও আপত্তিকর মন্তব্যের অভিযোগ তুলে দুই ব্যক্তির বিরুদ্ধে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাল বরাক উপত্যকা কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদ। শুক্রবার শিলচর ন্যাশনাল হাইওয়ে পুলিশ পেট্রোলের ইনচার্জের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করে সংগঠনটি।
অভিযোগপত্রে সুবীরচন্দ্র দাস এবং আশ্রম রোডের বাসিন্দা ও প্রাক্তন পুরকমিশনার রাজেশকুমার দাসের নাম উল্লেখ করা হয়েছে। পরিষদের দাবি, অভিযুক্তরা বিভিন্ন সময়ে কৈবর্ত সম্প্রদায়কে নিয়ে উসকানিমূলক মন্তব্য করেছেন, যা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সংগঠনের আশঙ্কা, এ ধরনের মন্তব্যের ফলে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও উত্তেজনা সৃষ্টি হতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

অভিযোগে আরও বলা হয়েছে, গত বৃহস্পতিবার আশ্রম রোডে রাজেশকুমার দাসের উপস্থিতিতে সুবীরচন্দ্র দাস কৈবর্ত সম্প্রদায় সম্পর্কে একাধিক আপত্তিকর মন্তব্য করেন। অভিযোগ অনুযায়ী, তিনি কৈবর্তদের প্রতি শহরের তথাকথিত ‘সুশীল সমাজের’ ঈর্ষা ও বিদ্বেষ রয়েছে বলে মন্তব্য করেন। পাশাপাশি কৈবর্ত মহিলাদের গৃহপরিচারিকা হিসেবে দেখার প্রবণতা রয়েছে বলেও দাবি করেন। কয়েকজন কৈবর্তকে ‘সমাজের ক্যান্সার’ বলেও অভিহিত করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
বরাক উপত্যকা কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি সুরঞ্জিত দাস চৌধুরী (সুজিত) পুলিশের কাছে অভিযোগটি দায়ের করেন। সংগঠনের পক্ষ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই এবং প্রযোজ্য আইনে উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এ ধরনের মন্তব্যের মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও শান্তি বিঘ্নিত না হয়, সে বিষয়েও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছে পরিষদ।



