বরাক তরঙ্গ, ১৪ আগস্ট: দেশপ্রেম, জাতীয় ঐক্য, সম্প্রীতি ও ঐতিহাসিক স্মৃতিকে সামনে রেখে “হর ঘর তিরঙ্গা” অভিযান এবং “বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস” উপলক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন করল কাছাড় জেলা প্রশাসন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা আয়ুক্তের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি মোমবাতি মিছিল বের করা হয়। মোমবাতি হাতে মিছিলটি শিলচর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজপথ পরিক্রমা করে পুনরায় জেলা আয়ুক্তের কার্যালয় প্রাঙ্গণে এসে পৌঁছায়।
মিছিল শেষে জাতীয় সংগীত ও ‘বন্দে মাতরম’ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। পাশাপাশি, ভারত বিভাজনের সময় মানুষের অসীম দুর্ভোগ, বাস্তুচ্যুতি ও বেদনাদায়ক স্মৃতিকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে একটি বিশেষ প্রদর্শনীরও আয়োজন করা হয়।
এই কর্মসূচিতে জেলা প্রশাসনের বিভিন্ন শাখার কর্মচারী, বিভিন্ন সরকারি বিভাগের আধিকারিক, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এনসিসি-র সদস্য এবং বিভিন্ন ক্লাব ও সামাজিক সংগঠনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে দেশপ্রেম, জাতীয় ঐক্য, সম্প্রীতি, ঐতিহাসিক স্মরণ এবং নাগরিক দায়বদ্ধতার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি, বিভাজনের বেদনাদায়ক ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে শান্তি, সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানানো হয়।



