আমড়াঘাটে বিধায়ক অমিয়কান্তি দাশের নেতৃত্বে বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা

Spread the news

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৪ আগস্ট :
দেশপ্রেম ও স্বাধীনতার আবহে ধলাইয়ের পূর্বাঞ্চলের আমড়াঘাটে বিধায়ক অমিয়কান্তি দাশের নেতৃত্বে শুক্রবার অনুষ্ঠিত হল বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা। স্বাধীনতা দিবসের প্রাক্কালে আয়োজিত এই পদযাত্রায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজার হাজার ছাত্রছাত্রী, বিজেপির দলীয় নেতৃত্ব এবং শচীনপুর সিআরপিএফ ক্যাম্পের জওয়ানরা অংশ নেন।

এদিন সকাল ৯টা নাগাদ গঙ্গানগর নিকামা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, ভুবনখাল এমই স্কুল, আমড়াঘাট সরস্বতী বিদ্যানিকেতন, আমড়াঘাট এমকে দে ডিগ্রি কলেজ এবং আমড়াঘাট এমকে দে সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রীরা হাতে জাতীয় পতাকা নিয়ে আমড়াঘাট বাজারে এসে সমবেত হন। পরে বিজেপির পালংঘাট মণ্ডল কমিটির বিভিন্ন পদাধিকারী ও সিআরপিএফ জওয়ানরা তাঁদের সঙ্গে যোগ দেন।
সেখান থেকে তিরঙ্গা যাত্রাটি আমড়াঘাট বাজার পরিক্রমা করে এমকে দে কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পদযাত্রায় ‘ভারত মাতা কি জয়’, ‘বন্দে মাতরম’, ‘হর ঘর তিরঙ্গা’, ‘ঘর ঘর তিরঙ্গা’সহ বিভিন্ন দেশাত্মবোধক স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। সঙ্গে ছিল দেশাত্মবোধক সংগীতও। সব মিলিয়ে স্বাধীনতার আবেগ ও দেশপ্রেমের এক অনন্য পরিবেশ সৃষ্টি হয় আমড়াঘাটে।

সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অমিয়কান্তি দাশ বলেন, স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশের স্বাধীনতার জন্য যেসব বীর শহীদ আত্মবলিদান দিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতেই সকলে একসঙ্গে এই কর্মসূচিতে সামিল হয়েছেন। তিনি স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী সকল শহীদকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে তাঁদের আদর্শ ও আত্মত্যাগ থেকে অনুপ্রেরণা নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজেপির কাছাড় জেলা সভাপতি রূপম সাহা। উপস্থিত ছিলেন ধলাইয়ের প্রাক্তন বিধায়ক নীহাররঞ্জন দাস, এমকে দে কলেজের অধ্যক্ষ ড. মিতা দে, বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি অপূর্ব দাশ, গঙ্গানগর-রুকনি জেলা পরিষদ সদস্য মিহিরকান্তি রায়, বিজেপির রাজ্য ওবিসি মোর্চার কোষাধ্যক্ষ কৃষ্ণজীবন দেবনাথ, সুবোধরঞ্জন দাসসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *