১৬ই শিলচরের প্রথম কেন্দ্রীয় কৈবর্ত সম্মেলন

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৩ আগস্ট
: কৈবর্ত সমাজের আর্থ-সামাজিক উন্নয়ন, ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরার লক্ষ্যে আগামী ১৬ আগস্ট শিলচরের বঙ্গভবনে অনুষ্ঠিত হতে চলেছে প্রথম কেন্দ্রীয় কৈবর্ত সম্মেলন। কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চের উদ্যোগে আয়োজিত এই সম্মেলন ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। বৃহস্পতিবার শিলচরের আম্বেদকর ভবনে সাংবাদিক সম্মেলন করে অনুষ্ঠানের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চের সাধারণ সম্পাদক রাজেশকুমার দাস। তিনি জানান, সম্মেলনে মন্ত্রী কৌশিক রায়, মন্ত্রী কৃষ্ণেন্দু পাল-সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন।

সম্মেলনে কৈবর্ত সমাজের ইতিহাস ও ঐতিহ্যের পাশাপাশি বর্তমান আর্থ-সামাজিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। একই সঙ্গে সমাজের কৃতী শিক্ষার্থী ও বিশিষ্ট নাগরিকদের সংবর্ধনা জানানো হবে। মঞ্চের অধীনে থাকা ২৩টি আঞ্চলিক কমিটির প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেবেন। বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তের পাশাপাশি বহির্বারাক থেকেও প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

সাংবাদিক সম্মেলনে মঞ্চের কেন্দ্রীয় সহ-সভাপতি রূপেশ চন্দ্র দাস, হরেন্দ্র দাস ও অমৃত চৌধুরী ছাড়াও অমিয় ভূষণ চৌধুরী, বিমল দাস, সুবীর চন্দ্র দাস, সোনা কুমার দাস, পরমেশ্বর দাস, সুস্মিতা দাস-সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *